বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার সংসারে বাংলার মুকেশ
ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সৌজন্যে তাঁর সামনে খুলে গিয়েছিল আইপিএলের দরজা। আইপিএলের মঞ্চেও সুযোগটা ভালো মতোই কাজে লাগাচ্ছেন বাংলার মুকেশ কুমার।ফের একবার জাতীয় দলের সংসারের সদস্য হলেন মুকেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতীয় দলের মূল স্কোয়াডে না থাকলেও নেট বোলার হিসাবে ইংল্যান্ড যাচ্ছেন বাংলার মুকেশ কুমার। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জন্য দল ঘোষণা করা হয়েছে।

মূল দলের পাশাপাশি ব্যাটসম্যানদের প্রস্তুতির জন্য চারজন নেট বোলারকেও পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট। নেট বলার হিসেবেই ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন বাংলার এই পেসার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভালো প্রস্তুতির জন্য দেশের প্রতিশ্রুতিবান চারজন পেসারকে নেট বোলার হিসেবে ইংল্যান্ডে পাঠাতে চলেছে বিসিসিআই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ার নেট বোলার হিসেবে যাচ্ছেন জম্মু-কাশ্মীরের জোরে বোলার উমরান মালিক, বাংলার পেসার মুকেশ কুমার, দিল্লির নভদীপ সাইনি ও হরিয়ানার পেসার কুলদীপ সেনকে।

ভারতীয় বোলিং বিভাগে আছেন পাঁচজন পেসার- মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকট।কিন্তু টিম ম্যানেজমেন্ট স্থানীয় নেট বোলার দিয়ে কোহলিদের অনুশীলন করাতে রাজী নয়। তাই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা পেসারদের দেশ থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে।
গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবার তাই ট্রফি জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মতো উইকেটে বাড়তি বাউন্স এবং পেস সামলাতে হবে রোহিত শর্মা, পুজারাদের।
এই পরিস্থিতিতে ভালো প্রস্তুতি হওয়া সবার আগে প্রয়োজন। উমরান মালিক, মুকেশ কুমারদের পেসটাকেই নেটে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্স করছেন মুকেশ। ইতিমধ্যেই সীমিত ওভারের সিরিজে ভারতীয় সুযোগও পেয়েছেন বাংলার এই পেসার। এবার টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরেও সঙ্গী হচ্ছেন বঙ্গ পেসার।

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৩ অথবা ২৪ মে লন্ডন উড়ে যাবেন দ্রাবিড়। তাঁর সঙ্গে যাবেন টিম ইন্ডিয়ার সব কোচিং স্টাফরা। ভারতীয় দলের যে সমস্ত ক্রিকেটাররা আইপিএলের প্লে অফ খেলবেন না তাঁরাও হেডস্যারের সঙ্গেই যাবেন লন্ডন। আগামী ১লা জুন থেকে ইংল্যান্ডে মাটিতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে টিম ইন্ডিয়ার।












Click it and Unblock the Notifications