বিরাট কোহলি মানেই রানের রাজা, ব্যাট হাতে মাঠে নামলে একের পর এক রেকর্ড গড়েন কিং কোহলি। একাধিক রেকর্ড তাঁর দখলে। বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত-অস্ট্রেলিয়া মেগা ম্যাচেও আরও একগুচ্ছ রেকর্ডের সামনে কোহলি দাঁড়িয়ে রয়েছেন।
ওভালে কিন্তু বিরাট স্পর্শ করতে পারেন স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্যা ২৮। ডনের টেস্ট সেঞ্চুরি সংখ্যা ২৯টি। ফলে ওভালে একটা সেঞ্চুরি করলেই স্পর্শ করবেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড।
টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক অবশ্য সচিন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে রয়েছে ৫১ টি টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জাক কালিস। তিনি করেছেন ৪৫টি টেস্ট সেঞ্চুরি। তিন নম্বর স্থানে রয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ৪১ টি।
বিশ্ব টেস্ট ফাইনালে আরও রেকর্ডের সামনেও দাঁড়িয়ে রয়েছেন কোহলি। শুধু শতরানের নিরিখ নয় কোহলি রানের নিরিখেও ডন ব্র্যাডম্যান, সচিন তেন্ডুলকরের বড় রেকর্ডও ভেঙে ফেলতে পারেন। একটি দলের বিরুদ্ধে ৫ হাজার রান করার নজির আছে সচিন এবং ডনের।
সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা এই ২টি দলের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন। এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানও। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০২৮ রান করেছিলেন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে বিরাট কোহলি যদি আর ৮৪ রান করেন তাহলেই দুই মহারথীদের সঙ্গে একই আসনে বসতে পারবেন।
এখানেই শেষ নয়, আরও রেকর্ডের হাতছানি কিং কোহলির সামনে। সচিন এখনও পর্যন্ত আইসিসির নক আউটে ১৪ ইনিংসে ৬৫৭ রান করেছেন। অপরদিকে, পন্টিং ১৮ ইনিংসে করেছেন ৭৩১ রান। আইসিসির নক আউট ম্যাচে ১৬ ইনিংসে বিরাট এখনও পর্যন্ত ৫১.৬৬ গড়ে মোট ৬২০ রান করেছেন। তিনি আসন্ন ফাইনালে বড় রান করতে পারলেই সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংকে টপকে যেতে পারবেন।
ইংল্যান্ডের মাটিতে ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করেছেন রাহুল দ্রাবিড়। দ্য ওয়াল ৪৬ ম্যাচে ২৬৪৫ রান করেছেন। ইংল্যান্ডের মাঠে ৫৬ ম্যাচে সেখানে বিরাটের সংগ্রহ ২৫৭৪ রান। আর ৭২ রান করলেই বিরাট কিন্তু দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন। হেডস্যারের সামনেই রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে।
অবশ্য বিরাট এসব নিয়ে ভাবতে রাজি নন। তার সামনে একটাই লক্ষ্য ভারতকে ট্রফি দেওয়া। নিজে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন। এবার ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সাফল্য পান কিনা সেটাই দেখার।