WTC FINAL: ফ্যাক্টর হবে অভিজ্ঞতা, সাফল্যের সূত্র জানিয়ে দিলেন শামি
আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বোলিং বিভাগের বড় ভরসার নাম মহম্মদ শামি। বুমরাহের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার পেস আক্রমনের নেতৃত্বে থাকবেন বাংলার এই বোলারই। ইংল্যান্ডের যেকোনও মাঠের পিচে জোরে বোলাররা স্বাভাবিকভাবে সাহায্য পেয়ে থাকে। সেক্ষেত্রে ভারতের অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ শামি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
ইংল্যান্ডের মাটিতে অভিজ্ঞতা যে একটা ফ্যাক্টর হবে তা মানছেন শামিও। সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে ভারতীয় দলের তারকা পেসার বলেন, 'অভিজ্ঞতা এই পরিবেশে সব সময়ই ফ্যাক্টর হয়। ফলাফল সব সময় হয়তো অনুকূলে আসে না। কিন্তু ইংল্যান্ডের উইকেটে এবং আবহাওয়াতে বোলিং করার সময় অভিজ্ঞতা সব সময় কাজে লাগে।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুয়ারে দাঁড়িয়ে শামি বলছেন, 'আমাদের প্রত্যেকের নিজেদের স্কিলের উপর ফোকাস করতে হবে। সে আমরা ব্যাটসম্যান হোক বা বোলার। আমাদের ১১০ শতাংশ উজার করে দিতে হবে। শেষ দুই বছর আমরা যে পরিশ্রম করেছি, এই ম্যাচে সেটা দ্বিগুণ করে দিতে হবে।'

বোলিংয়ের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহ দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। তার ফলেই এই ম্যাচের পেস বোলিং বিভাগের দায়িত্ব এসে পড়বে মহম্মদ শামির উপর। বাংলার এই জোরে বোলার দুরন্ত ছন্দেও রয়েছেন। সদ্য শেষ হওয়া আইপিএলে সবচেয়ে বেশি ২৮টি উইকেট নিয়েছেন তিনি। ফর্ম্যাট ও বলের রং বদলালেও ভারতীয় দলের আশা করবেন শামি যেন নিজের ফর্ম ধরে রাখতে পারেন। ভারতের ম্যাচে ভাল পারফর্ম করতেও শামির ছন্দে থাকাটা জরুরি। ভারতকে জেতাতে মরিয়া হবেন শামিও।

অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গিলেসপিও মনে করেন শামি মেগা ম্যাচে ফ্যাক্টর হতে চলেছেন। গিলেসপির কথায়, ''আমি মনে করি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শামি বড় ভূমিকা পালন করতে চলেছে। পিচে যদি শুরু থেকে বল নাড়াচাড়া করতে থাকে তাহলে অস্ট্রেলিয়ান ব্যাটারদের বিপদের মুখে ফেলবে শামি। আমি মনে করি শামি একজন দুর্দান্ত বোলার।' আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।












Click it and Unblock the Notifications