WTC FINAL: আইপিএলের আত্মবিশ্বাস নিয়েই মেগা ম্যাচে নামছেন শুভমান গিল
গত মার্চে বর্ডার-গাভাসকর সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন শুভমান গিল। আইপিএলে তিনটি শতরান-সহ করেছেন ৮৯০ রান। জিতেছেন কমলা টুপি। এবার সাদা জার্সিতে লাল বলের লড়াই। আইসিসির খেতাবী লড়াইয়ে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি শুভমন গিল।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ওপেন করবেন শুভমান গিল। এই মুহূর্তে প্রত্যেক ফরম্যাটেই অসাধারণ ছন্দ প্রদর্শন করেছেন এই তরুণ ভারতীয় ওপেনার। তার ব্যাটে ভর করেই জয় আসবে এই ফাইনালে, এমন আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা।

সদ্য সমাপ্ত আইপিএলে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে শুভমান বলেন, 'আইপিএল আত্মবিশ্বাস জোগাচ্ছে ঠিক। তবে আমার মনে হয় এবার সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতি এবং সম্পূর্ণ অন্যধরনের খেলা।' আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করলেও ইংল্যান্ডের মাটিতে তাঁর সাফল্যের বিষয়ে আশাবাদী নন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে পূজারা বলছেন, 'এবার আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আশা রাখি এবার আমরা জিততে পারব। বেশিরভাগ ক্রিকেটারই এখানে খেলেছে, কয়েকজন আবার কাউন্টি ক্রিকেটও খেলেছে।' উল্লেখ্য, কাউন্টিতে ৫৪৫ রান করেছেন পূজারা। তাঁর এই অভিজ্ঞতা কাজে লাগবে ফাইনালে।

বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে মেগা ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। এর আগে ২০২১ সালে প্রথম সংস্করনে নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরে কাপ অধরাই থাকে বিরাট বাহিনীর। ১ দশক পর আইসিসি ট্রফি জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।












Click it and Unblock the Notifications