ব্যাট হাতে দলকে বিপদের বৈতরণী পার করালেন, সেইসঙ্গে ওভালের মাঠে কিংবদন্তিদের স্পর্শ করলেন শার্দুল ঠাকুর। ভারতে বিপদের সময় বারবার ত্রাতা হচ্ছেন শার্দুল। সেই কারণে তাঁকে ডাকা হয় লর্ড শার্দুল বলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ৫১ রানের ইনিংস খেলে অনন্য রেকর্ড গড়লেন তিনি।
এটি শার্দুল ঠাকুরের টেস্টে চতুর্থ অর্ধশতরান। তারমধ্যে ৩টি অর্ধশতরান এসেছে ওভালের মাঠে। তাও আবার পরপর। টেস্ট ক্রিকেটে এর আগে এই কৃতিত্ব ছিল দুই অস্ট্রেলীয় কিংবদন্তির। তাঁরা হলেন স্যার ডন ব্র্যাডম্যান ও অ্যালান বর্ডার।
ছবি-পিটিআই
এর আগে ওভালে ১৯৩০-১৯৩৪ সালের মধ্যে টানা তিনটি হাফসেঞ্চুরি করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৮৫-১৯৮৯ সালের মধ্যে একই রেকর্ড গড়েন অ্যালান বর্ডার। শুক্রবার ৫১ রানের ইনিংস খেলে তিনি স্পর্শ করলেন ওই দুই কিংবদন্তির রেকর্ড। শার্দুল ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যেই এই কৃতিত্বের অধিকারী হলেন।
২ বছর আগে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসেই ৫৭ ও ৭২ রান করেছিলেন শার্দুল ঠাকুর। আর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে করলেন ৫১ রান। এই নিয়ে ওভালে টানা তিনটি হাফসেঞ্চুরি করলেন শার্দুল। নাম তুললেন ইতিহাসের পাতায়।
ছবি-পিটিআই
শার্দুল না থাকলে এই ম্যাচে হয়তো ভারতকে ফলোঅনই করতে হত। ওভালে অজিদের বিরুদ্ধে মাত্র ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে নিশ্চিত ফলোঅনের দিকে এগচ্ছিল রোহিত ব্রিগেড। কিন্তু অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাহানে। তাঁকে যোগ্য সঙ্গ দেন শার্দুল ঠাকুর। তাঁদের জোড়া অর্ধ শতরানে ম্যাচে কিছুটা অক্সিজেন পায় টিম ইন্ডিয়া।
এই ম্যাচের প্রথম দিন থেকে ব্যাকফুটে রয়েছে ভারত। সময় যত গড়াচ্ছে ততই যেন অস্ট্রেলিয়া নিজেদের দখলে নিচ্ছে এই ম্যাচের রাশ। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারত কিছুটা হলেও স্মিথদের চাপে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় বোলাররা। ১২৩ রানেই চার উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
ছবি-পিটিআই
তবে ভারত পুরোপুরি লড়াই থেকে ছিটকে গিয়েছে তা মানতে নারাজ শার্দুল ঠাকুর। অতীতের পরিসংখ্যানকে হাতিয়ার করেই ভারতীয় দলের অল রাউন্ডার বলেন, 'গত বছর ইংল্যান্ডে এই মাঠে বড় রান তাড়া করে ম্যাচ জিতেছিলাম। এটা ইতিবাচক দিক। তবে সেই নিয়ে আমরা একেবারেই ভাবছি না। ভালো পারফরম্যান্স করে ম্যাচ জিততে চাই আমরা। এখনও আমরা লড়াইয়ে আছি। ফলে ম্যাচের ফলাফল কী হতে পারে তা এতো তাড়াতাড়ি বলা সম্ভব নয়।'