WTC Final: বিরাটের ফর্মে ফেরার কারণ ধরলেন গাভাসকর, বেছে নিলেন ওভাল টেস্টের একাদশও
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতকে যে বিষয়গুলি স্বস্তি দিচ্ছে তার অন্যতম বিরাট কোহলির ফর্ম। ২০১৯ সাল থেকে টানা তিন বছর কোনও ফরম্যাটে শতরান ছিল না কিং কোহলির ব্যাটে।
এক এক করে বিরাট সব ফরম্যাটে শতরান পেয়েছেন। দেশের মাটিতে শতরান হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে। আইপিএলেও শতরান পেয়েছেন। বিরাট কোহলি ফর্মে ফেরার ধরনে অস্বাভাবিক কিছু নজরে আসেনি সুনীল গাভাসকরের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২৪টি ম্যাচে বিরাট কোহলি ৮টি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ ১৯৭৯ রান করেছেন। গড় ৪৮.২৬। গত ফেব্রুয়ারি-মার্চে নাগপুর টেস্টে ১২, দিল্লি টেস্টে ৪৪ ও ২০, ইন্দোর টেস্টে ২২ ও ১৩ রান করার পর আমেদাবাদে খেলেন ১৮৬ রানের ইনিংস।
আইপিএলে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেন। সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বিরাট কোহলি প্রসঙ্গে বলেন, প্রত্যেক ক্রিকেটারই খারাপ সময় বা ব্যাড প্যাচ বা লিন প্যাচের মধ্যে দিয়ে যান। বিরাটের ক্ষেত্রে সেটাই হচ্ছিল। সেই সময় ভাগ্যও সঙ্গত দিচ্ছিল না। কিন্তু যেই রান পেতে শুরু করেছেন, ভাগ্যের সহায়তাও মিলছে।

গাভাসকর ধারাভাষ্যেও এর আগে বলেছিলেন, বিরাট হয়তো একটাই চান্স দিচ্ছেন, তাতেই আউট হতে হচ্ছে। সানির কথায়, এখন দেখা যাচ্ছে ব্যাটের ভিতরের দিকে লাগা বল স্টাম্পের কাছ দিয়ে গেলেও উইকেটে লাগছে না। ক্যাচ ফস্কাচ্ছে, কিংবা ফিল্ডারের থেকে কিছুটা দূরে ক্যাচ যাচ্ছে।
সানির কথায়, খারাপ সময়ে ভাগ্য তাঁর সঙ্গে না থাকলেও, এখন পরিস্থিতি বদলেছে। তাছাড়া বিরাটের টেম্পারামেন্ট দারুণ। তাঁর মধ্যে রান পাওয়ার খিদে রয়েছে। টেকনিক্যালিও তিনি খুব ভালো। ফলে তিনি যে রান পাচ্ছেন, এতে অবাক হওয়ার মতো কিছু নেই।

ওভালের ফাইনালে ভারতের দল কেমন হওয়া উচিত তা নিয়েও মতামত ব্যক্ত করেছেন গাভাসকর। স্টার স্পোর্টসে তিনি বলেন, রোহিত শর্মা ও শুভমান গিল ওপেন করবেন। তিনে চেতেশ্বর পূজারা, চারে বিরাট কোহলি, পাঁচে অজিঙ্ক রাহানে। ছয় নম্বরে ঈশান কিষাণ অথবা কেএস ভরত।

গাভাসকর অবশ্য একাদশে ভরতকেই সুযোগ পাওয়ার নিরিখে এগিয়ে রাখছেন। ভরত যেহেতু অস্ট্রেলিয়া সিরিজে খেলেছেন, সে কারণে তাঁকেই দলে দেখতে চান সানি। সাতে রবীন্দ্র জাদেজা। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে সাত ও আটে জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকেও খেলানোর পক্ষপাতী গাভাসকর।

জোরে বোলার হিসেবে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গে অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে ভারত একাদশে রাখতে পারে বলে মনে করছেন দেশের প্রাক্তন অধিনায়ক।












Click it and Unblock the Notifications