WTC Final: অস্ট্রেলিয়া ফেভারিট, ভারত কোন ফ্যাক্টরে করতে পারে বাজিমাত? বিশ্লেষণে রবি শাস্ত্রী
WTC Final: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু বুধবার থেকে। লন্ডনের ওভালে হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। তারকা পেসার জশ হ্যাজলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। কোন দল কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে তা নিয়ে চলছে বিশ্লেষণ।
ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী কাগজে-কলমে অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরছেন। তবে ভারত প্রস্তুতির নিরিখে অজিদের চেয়ে এগিয়ে বলে মন্তব্য করেন তিনি।

রবি শাস্ত্রীর মতো অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও মনে করেন, ভারতীয় ক্রিকেটাররা আইপিএল খেলার ফলে প্রস্তুতির নিরিখে এগিয়ে। ওভালের উইকেট ফ্রেশ থাকবে বলেও মত তাঁদের। কেন না, এই স্টেডিয়ামের ১৪০ বছরেরও বেশি টেস্ট পরিসংখ্যান ধরলে দেখা যাচ্ছে, এখানে এই প্রথম জুনে খেলা হচ্ছে।
ভারত প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিল শাস্ত্রীর কোচিংয়েই। আইসিসির এক ইভেন্টে রবি শাস্ত্রী বলেন, জসপ্রীত বুমরাহ থাকলে আমি বলতাম তাঁর সঙ্গে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে নিয়ে সাজানো পেস অ্যাটাক অস্ট্রেলিয়ার সমকক্ষ। অস্ট্রেলিয়ায় স্টার্ক, কামিন্সরা রয়েছেন। ম্যাচ ফিটনেস গুরুত্বপূর্ণ হবে।

শাস্ত্রীর কথায়, নেটে প্রতিদিন দু-ঘণ্টা বোলিং করা আর পাঁচদিন ৬ ঘণ্টা করে মাঠে থাকা এক বিষয় নয়। ভারতীয় দলের চাবিকাঠি হতে পারেন মহম্মদ শামি, যিনি অনেক ক্রিকেট খেলেছেন। উল্লেখ্য, আইপিএলেও সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন গুজরাত টাইটান্সে খেলা পেসার শামি।
প্রথম সংস্করণের চেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ অনেকটাই আলাদা বলে উপলব্ধি শাস্ত্রীর। তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে ১৪ দিনের নিভৃতবাসে থেকে সাতদিনের ট্রেনিং প্লেয়ারদের পক্ষে সহজ ছিল না। তবে এখন সেই পরিস্থিতি নেই। দুই দলই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে নামতে পারছে। উপভোগ্য দ্বৈরথ হবে।

রিকি পন্টিং অবশ্য নিশ্চিত নন দীর্ঘদিন ক্রিকেট না খেলে ফাইনালে নামা, নাকি বেশ কয়েকটি টি ২০ ম্যাচ খেলে এই ফাইনালে খেলা, কোনটা বেশি সুবিধাজনক? তিনি জানান, অস্ট্রেলিয়ার কয়েকজন সম্প্রতি ক্রিকেটই খেলেননি। সে কারণে তরতাজা থাকা বাড়তি সুবিধা দেবে কিনা তা নিয়ে সংশয় থাকছে।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম বলেন, একজন প্লেয়ার হিসেবে আমি যত বেশি সংখ্যক ক্রিকেট খেলার পক্ষে। ফরম্যাট কোনও সমস্যা হয়নি অন্তত আমি যতদিন খেলেছি। তবে আইপিএলের মতো টুর্নামেন্ট থাকা সব সময়ই ভালো।
এদিকে, হ্যাজলউড ছিটকে যাওয়ায় মাইকেল নেসেরকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত অবশ্য অনুশীলনে একাদশ নিয়ে ধোঁয়াশা অব্যাহত রেখেছে।












Click it and Unblock the Notifications