WTC Final: রোহিত থেকে বিরাট কোন সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ? অস্ট্রেলিয়াও করছে সমীহ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা প্রশংসায় ভরিয়ে দিলেন শুভমান গিলকে। রানমেশিন শুভমানকে সমীহ করছে অস্ট্রেলিয়াও। অজিদের বিরুদ্ধে শুভমান ৫টি টেস্টে একটি শতরান ও ২টি হাফ সেঞ্চুরি করেছেন।
শুভমান চলতি বছর ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ ও ৫ রান করেছিলেন। আমেদাবাদ টেস্টে করেন ১২৮ রান। এরপর আইপিএলেও সর্বাধিক রান সংগ্রহকারী হন গিল। ওভাল টেস্টে তিনি রোহিত শর্মার অন্যতম প্রধান অস্ত্র।

ক্রিকেটমহলে বিরাট কোহলিকে বলা হয় কিং। ইতিমধ্যেই অনেকে প্রিন্স বলে ডাকছেন শুভমান গিলকে। বিরাট আশাবাদী, ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের জ্বলে উঠবেন ব্যাট হাতে। গিল ভারতীয় দলে আসার পর থেকে তাঁকে যথেষ্ট পরিমাণে গাইড করছেন বিরাট। খুশি তাঁর খেলাতেও।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, গিল আমার সঙ্গে ক্রিকেটের নানা বিষয়ে কথা বলেন। তাঁর শেখার আগ্রহ রয়েছে। এই বয়সে যে দক্ষতা তিনি দেখাচ্ছেন তা অসাধারণ। উচ্চ পর্যায়ে খেলার জন্য তাঁর টেম্পারামেন্টও দারুণ। ভালো আত্মবিশ্বাস রয়েছে। বিরাটের সঙ্গে গিলের বোঝাপড়াও দারুণ।

কোহলি বলেন, আমি তাঁকে সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর মধ্যে যে সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে আমি ওয়াকিবহাল। দীর্ঘদিন যাতে গিল খেলা চালিয়ে যেতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। গিল ধারাবাহিকভাবে ভালো খেললে ভারতীয় ক্রিকেটও উপকৃত হবে। চাইব ভালো ফর্ম ওভালেও বজায় থাক।

বিরাট আরও বলেন, কিং বা প্রিন্সের মতো ট্যাগগুলি ক্রিকেটপ্রেমীদের জন্য বড় বিষয়। তবে আমি মনে করি, সিনিয়র ক্রিকেটার হিসেবে কর্তব্য হলো নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তরুণ ক্রিকেটারদের সহযোগিতা করা। উচ্চ পর্যায়ে কী করলে ভালো করা যায় গিলের সেই জানার আগ্রহই মুগ্ধ করেছে কোহলিকে।
ওভালে রোহিত শর্মার সঙ্গে গিল ওপেন করবেন। ভারত অধিনায়ক বলেন, গিল যেভাবে ব্যাটিং করছেন তাতে তাঁকে কোনও পরামর্শ দেওয়ার দরকার হবে না। আইপিএল খেলে আসার পর ৫-৬ দিন ধরে গিল ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছেন। দীর্ঘক্ষণ ক্রিজে কাটানোর মানসিকতা নিয়ে তিনি খেলেন।

রোহিত আরও বলেন, টি ২০ ফরম্যাটে এবারের আইপিএলে তিনি তিনটি শতরান করেছেন। ইংল্যান্ডে তিনি আগেও খেলেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ওভালেও তিনি অনেকক্ষণ ক্রিজে থাকুন, সেটা আমি এবং গোটা দল চায়। তিনি খুব আত্মবিশ্বাসী। আরও আত্মবিশ্বাস দেওয়াই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications