WTC Final: ভারতের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া, মেনে নিলেন রাহানে, রোহিতদের টার্গেট কী হবে?
WTC Final 2023: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তৃতীয় দিনেও সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। অজিঙ্ক রাহানে ও শার্দুল ঠাকুরের জুটিতে ভর করে ভারত ফলো অন বাঁচিয়েছে। কিন্তু দিনের শেষে রাহানেও মানছেন অস্ট্রেলিয়াই কিছুটা হলেও এগিয়ে।
অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে তৃতীয় দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৯৬ রানে। দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে। প্যাট কামিন্সের দল এগিয়ে রয়েছে ২৯৬ রানেই।

অজিঙ্ক রাহানে নিজের ব্যাটিং, বিশেষ করে শার্দুল ঠাকুরের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়তে পেরে সন্তুষ্ট। ব্যাটিংয়ের সময় বেশ কয়েকবার আঙুলে চোট পেয়েছেন। দিনের শেষে আঙুলে ব্যান্ডেজ নিয়েই মুখোমুখি হলেন সম্প্রচারকারী সংস্থার। জানিয়ে দিলেন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে অসুবিধা হবে না।

কাল যদি অস্ট্রেলিয়া প্রথম সেশন বা দ্বিতীয় সেশনের অর্ধেকটাও ব্যাট করতে পারে তাহলে লিড চারশোর কাছাকাছি পৌঁছে যাবে। যা তাড়া করা এই উইকেটে ভারতের পক্ষে সহজ হবে না। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা দুই উইকেট পেয়েছেন। রাহানের কথায়, বাঁহাতিদের বিরুদ্ধে জাদেজা ভালো বোলিং করছেন, উইকেটে জুতোর ক্ষতকে কাজে লাগিয়ে।

যদিও এখনও এই উইকেট সিমারদেরই সহায়তা করবে বলে ধারণা রাহানের। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে সিরিজ জেতানো রাহানের বিশ্বাস, এই উইকেট সিমারদেরই সহায়তা করবে। সে কারণে চতুর্থ দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারত চাইবে দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস থামিয়ে দিতে।

বোলারদের প্রশংসা করেছেন রাহানে। ওপেনার উসমান খোয়াজা ১৩ ও ডেভিড ওয়ার্নার ১ রানে সাজঘরে ফেরেন। রবীন্দ্র জাদেজার বলে আগ্রাসী শট খেলতে গিয়ে স্টিভ স্মিথ ক্যাচ দিয়ে বসেন শার্দুল ঠাকুরের হাতে। স্মিথ করেন ৪৭ বলে ৩৪। প্রথম ইনিংসের অপর শতরানকারী ট্রাভিস হেডকেও প্যাভিলিয়নে ফেরান জাদেজাই।
হেড ২৭ বলে ১৮ রান করে জাদেজার বলে তাঁরই হাতে ক্যাচ দেন। ১১৮ বলে ৪১ রানে অপরাজিত রয়েছেন বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন। চারটি বাউন্ডারি মেরেছেন। ক্যামেরন গ্রিন ২৭ বলে ৭ রানে ক্রিজে রয়েছেন।

জাদেজা তিনটি মেডেন-সহ ৯ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ২টি মেডেন-সহ ১২ ওভারে ৪১ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। তিনি ফেরান ওয়ার্নারকে। একটি মেডেন-সহ ৭ ওভারে ২১ রান দিয়ে খোয়াজার উইকেটটি পেয়েছেন উমেশ যাদব।












Click it and Unblock the Notifications