WTC Final: আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ ২০ বছর পর! কোন টক্করে রাখবেন নজর?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল থেকে ওভালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টের ফাইনালে এই দুই দেশের দ্বৈরথ হচ্ছে ২০ বছর পর। ২০০৩ সালের ২৩ মার্চ থেকে ২০২৩ সালের ৭ জুন। ৭৩৮১ দিন পর।
২০০৩ সালের বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত পরাস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই ম্যাচে খেলেছিলেন রাহুল দ্রাবিড়। তিনি এখন ভারতীয় দলের হেড কোচ। ওভালে কোন প্লেয়ারদের পারস্পরিক টক্কর ম্যাচের ফলাফল নির্ধারণ করতে পারে সেদিকে নজর রাখা যাক।

দুই অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ের কথা উল্লেখ করতে হচ্ছে প্রথমেই। রোহিত টেস্টে বিশ্বের ১১ নম্বরে থাকা ব্যাটার, প্যাট কামিন্স টেস্টে বিশ্বের তৃতীয় স্থানে থাকা বোলার। রোহিত ভারত-অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট সিরিজে শতরান করেছিলেন। কামিন্স ওই সিরিজ পুরোটা খেলতে পারেননি।
স্টিভ স্মিথ বিশ্বের ৩ নম্বর ব্যাটার, টেস্ট ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি রয়েছেন ১৩ নম্বরে। এই দুই ব্যাটারের উপরই দুই অধিনায়ক দলের সাফল্যের জন্য ভরসা রাখবেন। কোহলি আমেদাবাদে সেঞ্চুরি করেছিলেন, অজিদের বিরুদ্ধে তাঁর ট্র্যাক রেকর্ড ভালো। স্মিথ আবার ইংল্যান্ডের কন্ডিশনে দারুণ সফল।

কোহলি ইংল্যান্ডে ১৬টি টেস্টে ৩৩.৩২ গড় রেখে ১০৩৩ রান করেছেন। স্মিথ সমসংখ্যক টেস্ট খেলে ১৭২৭ রান করেছেন, গড় ৫৯.৫৫। এই দুজনের উইকেট বোলারদের কাছে মহামূল্যবান হতে চলেছে। কেন না, ছন্দে থাকলে দুজনেই একার কাঁধে ম্যাচে ফারাক গড়ে দিতে সক্ষম।
ভারত রবিচন্দ্রন অশ্বিনকে খেলাবে কিনা স্পষ্ট নয়। তবে অস্ট্রেলিয়া দলে থাকছেন নাথান লিয়ঁ। অশ্বিন এই মুহূর্তে টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার, লিয়ঁ রয়েছেন আটে। ভারত এক স্পিনারে খেললে রবীন্দ্র জাদেজা একাদশে থাকবেন। সর্বশেষ বর্ডার-গাভাসকর ট্রফিতে দুই অফ স্পিনার অশ্বিন ২৫ ও লিয়ঁ ২২ উইকেট নেন।

দুজনেই বিশ্বের অন্যতম সেরা দুই অফ স্পিনার। টেস্টে সবচেয়ে বেশি উইকেট দখলের তালিকায় লিয়ঁ রয়েছেন আটে, ১১৯টি টেস্টে তাঁর উইকেট-সংখ্যা ৪৮২। অশ্বিন আছেন নয়ে, ৯২টি টেস্টে তিনি ৪৭৪ উইকেট নিয়েছেন। ওভালে পেসারদের দাপট থাকবে, তবে অফ স্পিনাররাও কার্যকরী হতে পারেন।
ভারত চাইবে দ্রুত প্রতিপক্ষের ইনিংসে আঘাত হানতে। সেক্ষেত্রে টেস্ট বোলারদের মধ্যে ২০ নম্বরে থাকা মহম্মদ শামি হতে পারেন রোহিত শর্মার বড় বাজি। টেস্ট ব্যাটারদের মধ্যে সাতে থাকা উসমান খোয়াজার সঙ্গে শামির টক্কর ম্যাচ জমাতে পারে। ভারত সফরে ৩৩৩ রান করেন খোয়াজা, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬০৮ রান করেছেন।

WTC-র চলতি সংস্করণে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় খোয়াজা রয়েছেন রুটের পরেই। অফ-স্টাম্পের বল খেলতে প্রলুব্ধ করে শামি চাইবেন খোয়াজার ক্যাচ যাতে উইকেটকিপারের কাছে বা স্লিপে যায়।
বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন, টেস্টে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার মার্নাস লাবুশেন। তাঁদের টক্করের দিকেও থাকবে নজর। ডিসেম্বর থেকে ব্যাটারদের তালিকায় ১ নম্বরে লাবুশেন, জাদেজা রয়েছেন ১৫ মাস ধরে। সর্বশেষ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে জাদেজা ২২ উইকেট নিয়েছিলেন।

তবে ইংল্যান্ডে জাদেজা বিশেষ সাফল্য পাননি বল হাতে। লাবুশেন সম্ভবত তিনেই ব্যাট করতে নামবেন। সেক্ষেত্রে জাদেজাকে দিয়ে বোলিং করাতে পারেন রোহিত। লাবুশেন ভারত সফরে মাত্র ২৪৪ রান করেছেন। কিন্তু বড় মঞ্চে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে চাইবেন। জাদেজাদের সামলাতে বিশেষ প্রস্তুতিও নিয়েছেন।












Click it and Unblock the Notifications