WTC Final 2023: ভারত ও অস্ট্রেলিয়ার বিপুল জরিমানা! শুভমান নির্বাসন এড়ালেন, কারণ জানুন
India Australia And Shubman Gill Sanctioned By ICC: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্লো ওভার রেটের ফাঁদে পড়ে বিপুল আর্থিক জরিমানার মুখে পড়ল ভারত ও অস্ট্রেলিয়া।
ভারতীয় দলের প্রত্যেকের ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হিসেবে ধার্য হয়েছে। শুভমান গিলের আরও ১৫ শতাংশ জরিমানা ধার্য করেছে আইসিসি। WTC খেতাবজয়ী অস্ট্রেলিয়ার জরিমানার পরিমাণ ৮০ শতাংশ।

ভারতীয় দলের ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেওয়ার বিষয়টি জানা যায় ওভালে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে পরাস্ত হওয়ার পরেই। পর্যাপ্ত সময় দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে ভারত পাঁচ ওভার পূর্ণ করতে পারেনি। অস্ট্রেলিয়া একইভাবে নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম করেছিল।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে ওভারপিছু ২০ শতাংশ করে জরিমানা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের। ভারত যেহেতু পাঁচ ওভার কম করেছিল, ফলে ম্যাচ ফি-র ২০X৫= ১০০ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। অস্ট্রেলিয়া চার ওভার কম বল করেছিল, ফলে তাদের জরিমানা ৮০ শতাংশ।

ওভালে ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের আউট নিয়ে চাপানউতোর অব্যাহত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুভমান গিল ইঙ্গিতবাহী পোস্ট করেন। টেস্টের চতুর্থ দিনে গিলের ক্যাচ ক্যামেরন গ্রিন তালুবন্দি করার আগে তা মাটি স্পর্শ করেছিল কিনা তা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু শুভমানের পোস্টটি যে তাঁকে শাস্তির মুখে ফেলবে সেই আশঙ্কা ছিল।
শুভমান আম্পায়ার রিচার্ড কেটলবরোর নাম নিলেও যে পোস্টটি করেছিলেন তাতে বোঝাই গিয়েছিল আম্পায়ারের সিদ্ধান্তে তিনি খুশি নন। যদিও আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করার জন্য তাঁকে নির্বাসনের মুখে পড়তে হলো না, এটাই বাঁচোয়া।
আন্তর্জাতিক ম্যাচে কোনও বিষয় নিয়ে জনসমক্ষে সমালোচনা বা আপত্তিজনক মন্তব্য করার প্রেক্ষিতে আইসিসির আচরণবিধিতে শাস্তি প্রদানের বিষয়টি উল্লিখিত রয়েছে। আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী শুভমানের জরিমানা ধার্য করেছেন ম্যাচ রেফারি। ম্যাচ ফি-র ১৫ শতাংশ ধার্য হওয়ায় শুভমানের মোট জরিমানার পরিমাণ ম্যাচ ফি-র ১১৫ শতাংশ!

গতকাল টেস্টের প্রথম দিনে প্রথম সেশনেই ভারত ৭ উইকেট হারায়। শেষ উইকেটটি তোলার জন্য মধ্যাহ্নভোজের সময়ের আগে অতিরিক্ত ১৫ মিনিট সময় দিয়েছিলেন আম্পায়াররা। নাথান লিয়ঁর বলে মহম্মদ সিরাজ আউট হতেই ফাইনালে যবনিকা পতন ঘটে।












Click it and Unblock the Notifications