WTC Final: হেড-স্মিথ জুটি অস্ট্রেলিয়াকে রাখল চালকের আসনে, ওভালে কেন কোণঠাসা ভারত?
WTC Final 2023: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের এককভাবে ট্রফি জেতার সম্ভাবনা প্রথম দিনেই ক্ষীণ। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম সেশনে দুটি এবং দ্বিতীয় সেশনে একটির বেশি উইকেট তুলতে পারেননি বোলাররা।
ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট জুটিতে ২৫১ রান যোগ করে ফেলেছেন। কেরিয়ারের ষষ্ঠ শতরান হাঁকানোর পর দ্বিশতরানের দিকে এগিয়ে চলেছেন হেড। ৩১তম টেস্ট শতরান থেকে ৫ রান দূরে স্টিভ স্মিথ। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩২৭।

দিনের শেষে ট্রাভিস হেড ১৫৬ বলে ১৪৬ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ৬টি শতরানের মধ্যে এই প্রথম বিদেশের মাটিতে। ভারতের বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে তিনি ৯০ রান করেছিলেন। এদিন সেই নজির টপকে ভারতের বিরুদ্ধে প্রথম শতরান হাঁকান ১০৬ বলে। হেডের ইনিংসে রয়েছে ২২টি চার ও একটি ছয়।

২৪.১ ওভারে ৩ উইকেটে ৭৬। উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। সেই সময় স্মিথের সঙ্গে জুটি বাঁধেন হেড। একদিনের মেজাজে ব্যাটিং করতে থাকেন। রোহিত শর্মার ফিল্ড প্লেসিংয়ের ত্রুটি সহজেই হেডকে রান করতে সহায়তা করেছে বলে উপলব্ধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৩ ওভারে ২ উইকেটে ৭৩। চা বিরতিতে ৫১ ওভারে ৩ উইকেটে ১৭০। দিনের শেষে ৮৭ ওভারে ৩ উইকেটে ৩২৭। অস্ট্রেলিয়ার ১০০ রান হয়েছিল ২৯.১ ওভারে, ২০০ রান আসে ৫৮.১ ওভারে, ৩০০ রানের গণ্ডি অজিরা স্পর্শ করে ফেলে ৭৯.১ ওভারে।

স্টিভ স্মিথ ২২৭ বল খেলে ৯৫ রানে অপরাজিত রয়েছেন। ভারতের বিরুদ্ধে নবম টেস্ট শতরান পেতে তাঁর দরকার ৫ রান। অস্ট্রেলিয়া দলে যেখানে অনেক বাঁহাতি ব্যাটার রয়েছেন, সেখানে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য সুনীল গাভাসকরের। বাঁহাতিদের বিরুদ্ধে অফ স্পিনার অশ্বিন কার্যকরী হতে পারতেন।

ডেভিড ওয়ার্নার ৬০ বলে ৪৩, উসমান খোয়াজা ১০ বলে শূন্য ও মার্নাস লাবুশেন ৬২ বলে ২৬ রান করেন। কাল সকালে নতুন বলের চ্যালেঞ্জ সামলে বড় রান তোলাই লক্ষ্য হেড-স্মিথদের। ভারত চাইবে প্রথম সেশনে দ্রুত কয়েকটি উইকেট তুলে ম্যাচে ফিরতে।

মহম্মদ শামি ৩টি মেডেন-সহ ২২ ওভারে ৭৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। মহম্মদ সিরাজ ১৯ ওভার বল করেছেন চারটি মেডেন, ৬৭ রান দিয়ে একটি উইকেট নেন। শার্দুল ঠাকুর ২টি মেডেন-সহ ৭৫ রানে ১টি উইকেট নেন। উমেশ যাদব ১৪ ওভার বল করেছেন, চারটি মেডেন, ৫৪ রান দিয়ে উইকেট পাননি।
রবীন্দ্র জাদেজা ১৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট পাননি। শার্দুল ও উমেশ আইপিএলে কেকেআরেও খুব বেশি বল করেননি। ফলে তাঁদের একজনকে বাইরে রেখে অশ্বিনকে খেলানো উচিত ছিল বলে মনে করছেন গাভাসকর। একাদশ বাছাইয়ের এই ভুলেই কোণঠাসা ভারত। কন্ডিশন বুঝতেও ভুল করেছে আবহাওয়ার পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে।












Click it and Unblock the Notifications