ইডেনে হোম অ্যাডভান্টেজ পাকিস্তানের, ভারতের জেতা কঠিন, মত গাভাসকরের
কলকাতা, ১৮ মার্চ : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে হারার পর যেন হঠাৎ করেই ভাগ্য বদলে গিয়েছে ভারতীয় দলের। আর কোনওভাবেই যেন সবকিছু ঠিকঠাক হচ্ছে না। অতর্কিত হারে গোটা দলের আত্মবিশ্বাসটাই যেন একেবারে তলানিতে এসে ঠেকেছে। [কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য]
আর সেজন্যই পাকিস্তানের বিরুদ্ধে ইডেনে খেলতে নামার আগে একেবারে ব্যাকফুটে মহেন্দ্র সিং ধোনির ভারত। অন্যদিকে ইডেনে ঘাঁটি গেড়ে বসা পাকিস্তান টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে যেভাবে হারিয়েছে তাতে ভারতের চাপ আরও উর্ধ্বমুখী।

গ্রুপ পর্যায়ে পাঁচটি দলের মধ্যে প্রথম দুটি দল সেমিফাইনালে পৌঁছবে। ফলে প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। সেই ম্যাচ হেরে গ্রুপে আপাতত বাংলাদেশের উপরে চার নম্বরে রয়েছে ভারত। আর তাতেই চাপ বেড়েছে।
কারণ এরপরে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সঙ্গে ম্যাচ রয়েছে ভারতের। এবং সবকটি ম্যাচ না জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ভারত। সেজন্য পাকিস্তান ম্যাচ ঘিরে টেনশন একেবারে সপ্তমে চড়েছে।
চাপ বাড়িয়ে দিয়েছেন প্রাক্তনীদের কেউ কেউও। যেমন সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, ইডেনে এই ম্যাচে পাকিস্তান ফেভারিট, ভারত নয়। তাঁর ব্যাখ্যা, কিউয়িদের কাছে হেরে চাপে রয়েছে ভারত। ফলে শনিবারের ম্যাচে অনেক ফুরফুরে মেজাজে নামতে পারবে পাকিস্তান।
এই ম্যাচটিতে ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানি বোলিংয়ের যুদ্ধ দেখতে পাওয়া যাবে বলেই আশা করেছেন গাভাসকর। এছাড়া ভারতীয় বোলাররা, বিশেষ করে আশিস নেহরা ও রবিচন্দ্রণ অশ্বিন যেভাবে দায়িত্ব সামলেছে, সেটা করতে পারলে চাপে পড়বে পাক ব্যাটসম্যানরাও।
ভারতের আশা একটাই। তা হল, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি ভারত। আর এই ভরসাকে সামনে রেখেই পাক বধে নামতে মরিয়া টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications