IPL 2024: আইপিএল মুডে ঢুকে পড়লেন ঋদ্ধিমান, সূর্য স্বস্তি দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সকে, দেখুন ভিডিও
শেষের পথে ভারত ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। সোমবারই রাঁচিতে সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় শুরু হতে চলা শেষ ম্যাচের ফলাফল যাই হোক তাতেও কাপ উঠবে রোহিত শর্মার হাতেই। ইতিমধ্যেই আইপিএলের মুডে একটু একটু করে প্রবেশ করতে চলেছে ভারত।
গত সপ্তাহেই আইপিএলের প্রথম ১৫ দিনের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের আইপিএল। মার্চ মাসের শুরু থেকেই দলগুলি প্রস্তুতি শুরু করে দেবে। ইতিমধ্যেই সিএসকে বা পঞ্জাব কিংস দলগুলি তাদের অনুশীলন শুরুর দিনক্ষণ জানিয়ে দিয়েছে। গত মরশুমের রানার্স দল গুজরাতও আগামী কয়েকদিনের মধ্যেই আইপিএল প্রস্তুতি শুরু করে দিতে চলেছে।

গত মরশুমে গুজরাত দলে নিয়মিত সুযোগ পেয়েছেন ঋদ্ধি। এবার গুজরাত দলে নেতা বদল হয়েছে। হার্দিকের পরিবর্তে অধিনায়কত্ব করবেন শুভমান গিল। তার উপর শামিও চোট পেয়ে ছিটকে গিয়েছেন। যদিও গুজরাত দল যথেষ্টই শক্তিশালী। ভালো ফলের লক্ষ্যে আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়ছে গতবারের রানার্স আপরা।
অন্যদিকে আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই মুম্বই শিবিরে সুখবর। চোট, অস্ত্রপচারের পর এবার রিহ্যাব পর্ব শুরু করলেন সূর্যকুমার যাদব। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সূর্য। যেখানে দেখা যাচ্ছে এনসিএতে পুরো দমে রিহ্যাব চালু করেছেন ভারতীয় দলের তারকা ব্যাটার। মূলত পায়ে জোর বাড়ানোর উপর এখন ট্রেনিং করছেন মু্ম্বই ইন্ডিয়ান্সের এই ব্যাটার।
অস্ত্রোপচার ও তার পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারের। তার ফলে পুরো ঘরোয়া মরশুম খেলতে পারেননি তিনি। অর্থাৎ, রঞ্জির কোনও ম্যাচেই সূর্যকে পাইনি মুম্বই দল। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে সূর্যের খেলা নিয়ে সংশয় রয়েছে।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরেই চোট পান সূর্য। এরপর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। জার্মানিতে তাঁর অস্ত্রোপচার হয়। আপাতত দ্রুত মাঠে ফেরাই লক্ষ্য তাঁর। কারণ কয়েক মাস পরই যে শুরু টি২০ বিশ্বকাপ।












Click it and Unblock the Notifications