ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ানের আন্তর্জাতিক কেরিয়ার শেষ? ভারতের দল ঘোষণা হতেই জল্পনা তুঙ্গে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ ও ইংল্যান্ডে টেস্টের জন্য আজ ভারতীয় দল বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। টি ২০ দলে দীনেশ কার্তিক কামব্যাক করেছেন ২০১৯ সালের পর। আইপিএলে ভালো পারফরম্যান্সের জেরে ডাক পেয়েছেন উমরান মালিক ও অর্শদীপ সিং। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা ও সানরাইজার্স হায়দরাবাদের রাহুল ত্রিপাঠী সুযোগ না পাওয়ায় অনেকেই মনে করছেন আইপিএলের পারফরম্যান্সকে খুব একটা গুরুত্ব দেননি নির্বাচকরা। দল ঘোষণায় স্পষ্ট, শিখর ধাওয়ান ও ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক কেরিয়ারও কার্যত শেষ।

ঋদ্ধিমান ব্রাত্য
ঋদ্ধিমান সাহাকে দক্ষিণ আফ্রিকা সফরেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বার্তা দেন, টেস্ট দলে তাঁকে আর ভবিষ্যতের জন্য ভাবা যাচ্ছে না। ঋদ্ধি তখন বিস্ময় প্রকাশ করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দেওয়ার পরেও এমনটা কেন হলো? সে কথা প্রকাশ্যে আনায় বোর্ড সভাপতির দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবির দু-একজনও ঋদ্ধির সমালোচনা করেন। এরই মধ্যে বোরিয়া মজুমদার ঋদ্ধিকে হুমকি দেন, সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ঋদ্ধি প্রকাশ্যে আনায় শাস্তিও হয়েছে অভিযুক্ত সাংবাদিকের। ঋদ্ধি পারিবারিক কারণে রঞ্জি খেলেননি। নক আউট পর্বে তাঁকে দলে রাখা হলেও সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস তাঁর সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তাতে বাংলার হয়ে আর না খেলার বিষয়ে মনস্থির করে ফেলেছেন পাপালি। যদিও তাঁকে বোঝানোর চেষ্টা চলছে।

লড়াইয়ের প্রতিদান!
ঋদ্ধি শেষ টেস্ট খেলেছেন গত বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ২৭ ও ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে বসিয়ে রাখা হয়। অথচ ওয়াংখেড়ে টেস্টের আগে কানপুর টেস্টে ঋদ্ধি দ্বিতীয় ইনিংসে কাঁধে প্রবল যন্ত্রণা উপেক্ষা করেও ১৮৭ মিনিট ক্রিজে কাটিয়ে ১২৬ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছিলেন। যে ইনিংসটি না হলে নিউজিল্যান্ড ওই টেস্ট জিতেও যেতে পারতো। দ্বিতীয় ইনিংসে ভারতের ৫১ রানে ৫ ও ১৬৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে আর উইকেট না হারিয়ে ভারত পৌঁছায় ২৩৪ রানে। তারপরও ঋদ্ধিকে ছেঁটে ফেলা হলো। অনেকেই মনে করছেন, অন্তত ৪০টি টেস্ট খেলা ঋদ্ধির জন্য বিদায়ী ম্যাচের ব্যবস্থা করা উচিত ছিল সৌরভের বিসিসিআইয়ের। যে ঋদ্ধির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে গ্যারি কার্স্টেনরা।

দরজা বন্ধ
আইপিএলে ঋদ্ধিমান দারুণ ছন্দে রয়েছেন। গুজরাত টাইটান্সের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। ১ বার অপরাজিত থেকে মোট ৩১২ রান করেছেন। সর্বাধিক স্কোর ৬৮। গড় ৩৯, স্ট্রাইক রেট ১২৫-এর কাছে। আরও অন্তত দুটি ম্যাচ তিনি এবারের আইপিএলে পাচ্ছেনই। যদি গুজরাত প্রথম কোয়ালিফায়ারে হারে এবং দ্বিতীয়টিতে জিতে ফাইনালে ওঠে তাহলে থাকছে তিনটি ম্যাচ। তিনটি অর্ধশতরান করেছেন, ম্যাচের সেরা হয়েছেন। তবুও ঋদ্ধিকে বাদ দেওয়া হলো। অথচ ঋষভ পন্থ আইপিএলে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৩৪০ রান করেছেন। ব্যাটিং গড়ে পিছিয়ে পন্থ। অন্ধ্রের শ্রীকর ভরত হিমাচল প্রদেশের বিরুদ্ধে অপরাজিত ১৬১ ও গুজরাতের বিরুদ্ধে ১৫৬ করেন রঞ্জিতে। আইপিএলে দুই ম্যাচে মাত্র ৮ রান করেছেন। তিনি ইংল্যান্ড সফরের দলে রয়েছেন। আপাতত কয়েক মাস ভারত টেস্ট খেলবে না। ফলে ঋদ্ধির আশা শেষ বলাই যায়। আইপিএলের পারফরম্যান্স ঋদ্ধিকে ভারতীয় দলে ফেরাতে পারতো বলে আশায় ছিলেন তাঁর স্ত্রী দেবারতি। তিনিও হতাশ। অসুস্থতার কারণে ওয়াংখেড়েতে না থাকার আফশোস ধরা পড়েছে তাঁর গলায়।

শিখরের সাফল্য অগ্রাহ্য
শিখর ধাওয়ান ১৩ ইনিংসে ৪২১ রান করেছেন এবারের আইপিএলে। সর্বাধিক অপরাজিত ৮৮, গড় ৩৮.২৭, স্ট্রাইক রেট ১২২.৭৪। তিনটি অর্ধশতরান করেছেন। সেই ধাওয়ানকেও টি ২০ দলে রাখা হয়নি। বোর্ডসূত্রে খবর, রাহুল দ্রাবিড় টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গড়তে চাইছেন। সেই পরিকল্পনায় ধাওয়ান নেই। সে কারণেই তাঁকে দলে রাখা হয়নি। অথচ মনে করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা বা আয়ারল্যান্ড সিরিজে ধাওয়ান অধিনায়ক হতে পারেন। সেই সম্ভাবনা শেষ, শেষ তাঁর টি ২০ বিশ্বকাপ খেলার আশাও। আয়ারল্যান্ডে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বেই ভারতীয় দল যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications