ঋদ্ধিমান সাহা বিসিসিআইয়ের তদন্ত কমিটিকে জানালেন হুমকি দেওয়া সাংবাদিকের নাম
ঋদ্ধিমান সাহা ইন্টারভিউ দিতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি দিয়েছিলেন এক সাংবাদিক। যদিও ওই সাংবাদিক ও তাঁর পরিবারের কথা ভেবে নাম প্রকাশ করেননি বাংলার পাপালি। দিতে চেয়েছিলেন আরেকটি সুযোগ। ভারতীয় দল থেকে ঋদ্ধি বাদ পড়ার দিনেই ফাঁস করে দেন ওই কথোপকথন, বোঝাতে চেয়েছিলেন সাংবাদিকতা আজকাল কোন পর্যায়ে পৌঁছেছে। সিএবি কর্তাদের সমালোচনার মুখে ঋদ্ধি পড়লেও ঘটনার তদন্ত শুরু করে বিসিসিআই।

ঋদ্ধিমানের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যাতে ভবিষ্যতে আর কারও ক্ষেত্রে না ঘটে সেটা সুনিশ্চিত করার জন্য ঋদ্ধিকে ওই সাংবাদিকের নাম প্রকাশ করার অনুরোধ করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ-সহ অনেকেই। তবে ঋদ্ধি সে পথে হাঁটেননি। কিন্তু বিসিসিআইয়ের তরফেও ঋদ্ধিকে বলা হয়েছিল ওই সাংবাদিকের নাম জনসমক্ষে আনতে। এরপর আজই ঋদ্ধি বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটিকে জানিয়ে দিলেন অভিযুক্ত সাংবাদিকের নাম।
After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX
— Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022
আজ ঋদ্ধি ওই তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন। যার অন্যতম সদস্য তথা বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ঋদ্ধিমান তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সমস্ত তথ্যই দিয়েছেন। সেটা বিসিসিআইকে জানিয়েও দেওয়া হচ্ছে। বিসিসিআইয়ের গঠিত তদন্ত কমিটিতে রাজীব শুক্লা ছাড়াও রয়েছেন কোষাধ্যক্ষ অরুণ ধুমল ও অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং ভাটিয়া। গত ১৯ ফেব্রুয়ারি টুইটারে অভিযুক্ত সাংবাদিকের সঙ্গে তাঁর কথোপকথন প্রকাশ করতেই দেখা যায় কীভাবে ইন্টারভিউ নিতে না পেরে ঋদ্ধিকে তিনি হুমকি দিয়েছিলেন।
2/3- My nature isnt such that I will harm anyone to the extent of ending someone’s career. So on grounds of humanity looking at his/her family, I am not exposing the name for the time being. But if any such repetition happens, I will not hold back.
— Wriddhiman Saha (@Wriddhipops) February 22, 2022
মজার ব্যাপার হলো, ওই অভিযুক্ত সাংবাদিক কে তা সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট হতে বেশি সময় লাগেনি। বিশেষ শব্দ লেখার সময় একই বানান ভুল করা ওই সাংবাদিকের বদভ্যাস। আর তাতেই ওই সাংবাদিককে তুলোধনা শুরু করেন নেটিজেনরা। কিন্তু ঋদ্ধিমান সাহার পাশে না দাঁড়িয়ে উল্টে তাঁরই সমালোচনায় মুখর হন সিএবির কয়েকজন পদাধিকারী। তবে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলে দেন, যে বা যাঁরা ঋদ্ধিকে নিয়ে বক্তব্য রাখছেন তা সিএবির বক্তব্য নয়। সূত্রের খবর, অভিযুক্ত সাংবাদিক বিসিসিআই ও সিএবি-র ঘনিষ্ঠ। অনুষ্ঠান সঞ্চালনাও করে থাকেন। তাঁকে বাঁচাতে বোর্ড আদৌ নিরপেক্ষ তদন্ত করবে কিনা তা নিয়েই সংশয়ে ক্রিকেট মহল। উল্লেখ্য, ঋদ্ধিমান সাহা রঞ্জিতে ব্যক্তিগত কারণে খেলতে না পারা নিয়ে চর্চা শুরু হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আশ্বাস পেয়েও বাদ পড়ে অবাক হন ঋদ্ধি। সেই কথা প্রকাশ্যে আনাতেও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। আইপিএলে গুজরাত টাইটান্সে খেলবেন সুপারম্যান। তার আগে বোর্ডের তদন্ত কোন পথে এগোয় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications