Wriddhiman Saha: ক্রিকেট থেকে অবসর ঘোষণা ঋদ্ধিমান সাহার, বাংলার জার্সিতেই খেলবেন শেষ ম্যাচ
দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য ছিলেন, রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পরই ঋদ্ধিমান সাহাকে বার্তা দেওয়া হয়েছিল টেস্ট ক্রিকেটে তাঁর উপর ভরসা রাখা হচ্ছে না। ফলে তখন থেকে ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন পাপালি।
ত্রিপুরা ছেড়ে বাংলাতে ফিরেছেন। সম্প্রতি রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার হয়ে মাঠেও নেমেছেন ঋদ্ধি। বাংলার হয়ে প্রত্যাবর্তন করলেও সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছে না পাপালিকে। এখনও সেভাবে ঋদ্ধির ব্যাট থেকে বড় রানের দেখা মেলেনি। ফলে মরশুমের মাঝপথেই ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।

ঋদ্ধিমান সাহা তাঁর লেখনীর মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি চলতি মরশুম শুধুমাত্র রঞ্জি ট্রফিতেই খেলবেন। সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারেতে খেলবেন না। কয়েকমাস আগেই ঋদ্ধিমান জানিয়েছিলেন অবসর নিলে সব ফর্ম্যাট থেকে একসঙ্গেই ঘোষণা করবেন। সেটাই করলেন। চলতি মরশুমের পরই ঋদ্ধিমান সাহার নামের পাশে বসতে চলেছে প্রাক্তন শব্দটা।
বাংলার হয়ে আত্মপ্রকাশ ২০০৭ সালে।এরপর বঙ্গ দলের নিয়মিত সদস্য হয়ে উঠেন। কিন্তু ২০২২ সালে সিএবির এক কর্তার ব্যবহারে হতাশ হয়ে বাংলা থেকে ত্রিপুরাতে যোগ দেন। কিন্তু চলতি মরশুম শুরুর আগেই মান অভিমানের পালা শেষ করে আবার ফিরে আসেন বাংলাতে। ঋদ্ধিকে ফেরাতে বড় ভূমিকা নেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দেশের জার্সিতে ৪০টি টেস্ট এবং ৯টি টি২০ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ১৭০ ম্যাচ খেলেছেন বাংলা দলের এই ক্রিকেটার। শুরুটা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স থেকে। এরপর পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন আইপিএলে। কিন্তু এবার গুজরাত দল তাঁকে রিটেন করেননি। সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করায় আইপিএলের আর খেলবেন না।
After a cherished journey in cricket, this season will be my last. I’m honored to represent Bengal one final time, playing only in the Ranji Trophy before I retire. Let’s make this season one to remember! pic.twitter.com/sGElgZuqfP
— Wriddhiman Saha (@Wriddhipops) November 3, 2024
অবসর নেওয়ার পরও কি্ নতুন ভূমিকায় দেখা যাবে পাপালিকে? কয়েক মাস আগেই ঋদ্ধি জানিয়েছিলেন, তিনি ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে চান। শোনা যাচ্ছে কোচিং করাতে পারেন ঋদ্ধি। সিএবি তাঁকে বড় দায়িত্ব দিতে পারে।












Click it and Unblock the Notifications