WPL: মহিলাদের প্রিমিয়ার লিগে বিরাট বদল আনছে বিসিসিআই, কবে থেকে শুরু টুর্নামেন্ট?
WPL: মহিলাদের প্রিমিয়ার লিগ প্রথম বছরেই সুপারহিট। আইপিএলের ধাঁচে মহিলাদের এই টি২০ লিগের সম্প্রচার-সহ নানা স্বত্ত্ব বিক্রি করেও বিপুল লক্ষ্মীলাভ সুনিশ্চিত হয়েছে বিসিসিআইয়ের কোষাগারে।
এবার দ্বিতীয় সংস্করণ থেকেই ডব্লিউপিএলে বড় রদবদল আনার পরিকল্পনা বিসিসিআইয়ের। ২০২৩ সালের মহিলাদের প্রিমিয়ার লিগ হয়েছিল মুম্বইয়ে। এবার বাড়ছে শহরের সংখ্যা।

মহিলাদের প্রিমিয়ার লিগে যে শহরের দলগুলি রয়েছে আইপিএলের মতো সেই শহরগুলিতে ম্যাচ আয়োজন হোক, এমনটাই চাইছেন বেশিরভাগ ক্রিকেটার। যদিও আইপিএলের মতো এখনও ততটা ফ্যান বেস তৈরি হয়নি উইমেন্স প্রিমিয়ার লিগের। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহিলা দলের সাদা বলের সিরিজ দেখতে ভালো সংখ্যক দর্শক হাজির ছিলেন মুম্বইয়ে।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, এবার মহিলাদের প্রিমিয়ার লিগের খেলাগুলি মুম্বইয়ে হবে না। আপাতত যা ঠিক রয়েছে তা অনুযায়ী, প্রথম পর্যায়ের খেলাগুলি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। যদিও আর কোনও শহরে এবার ডব্লিউপিএলের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই।
ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে শুরু করে ১৭ মার্চের মধ্যেই ডব্লুউপিএল শেষ করতে চাইছেন বিসিসিআই কর্তারা। জানা গিয়েছে, বিসিসিআই এমন কোনও শহর খুঁজছিল যেখানে দুটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে প্রথম বিকল্প ছিল মুম্বই। দ্বিতীয় গুজরাত। কিন্তু আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ডব্লুউপিএলের পক্ষে অত্যন্ত বড় বলে বিসিসিআই সেদিকে ঝোঁকেনি।
এরপরই দিল্লি ও বেঙ্গালুরুর নাম উঠে এসেছে। কোন শহরে কবে কোন ম্যাচ ফেলা হবে তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ৫ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে রয়েছে ২২টি ম্যাচ। ২০টি লিগ পর্বের, দুটি প্লে-অফের। এই টুর্নামেন্টের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বিসিসিআই অবশ্য এখনও আইপিএল নিয়ে দোলাচলে। লোকসভা নির্বাচনের উপরই নির্ভর করবে আইপিএলের দিনক্ষণ।
এদিকে, এবার থেকেই ফের চালু হচ্ছে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কোভিড পরিস্থিতির জন্য তিন বছর তা আয়োজিত হয়নি। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগে ২৩ জানুয়ারি নিজামের শহরেই হবে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিকে নাইডু পুরস্কার পেতে পারেন ডায়ানা এডুলজি।












Click it and Unblock the Notifications