WPL Auction 2023: স্মৃতি মান্ধানা টেক্কা দিলেন হরমনপ্রীত কৌরকে, মহিলাদের প্রিমিয়ার লিগে কে কোন দলে?
মুম্বইয়ে চলছে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। স্মৃতি মান্ধানাকে ৩.৪ কোটি টাকায় নিয়েছে আরসিবি। ১.৮ কোটি টাকায় হরমনপ্রীত কৌরকে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
মহিলা ক্রিকেটের ক্ষেত্রে আজ এক ঐতিহাসিক দিন। মুম্বইয়ে শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। প্রথমেই নাম ছিল স্মৃতি মান্ধানার। ৩.৪ কোটি টাকায় তাঁকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মান্ধানা হাতছাড়া হওয়ার পর অবশ্য হরমনপ্রীত কৌরকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, ১.৮ কোটি টাকায়।

মান্ধানা আরসিবিতে
প্রথমেই ছিল মার্কি সেট। মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম যে ক্রিকেটারকে কোনও দল কিনল তিনি হলেন স্মৃতি মান্ধানা। ভারতের মহিলা টি ২০ দলের সহ অধিনায়ককে নিতে লড়াই চলতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। মুহূর্তে দর ৩ কোটি টাকায় পৌঁছে যায়। যদিও শেষ অবধি এই যুদ্ধটিতে শেষ হাসি হাসে আরসিবিই। মান্ধানার দর এখনও অবধি সবচেয়ে বেশি।

মুম্বইয়ে হরমনপ্রীত
হরমনপ্রীত কৌরকে নিতেও শুরু থেকে ঝাঁপায় আরসিবি। আরসিবি ও দিল্লি ক্যাপিটালস ভারতের অধিনায়ককে নিতে দর কষাকষিতে নেমে পড়ে। আরসিবি ১ কোটি টাকা অবধি গিয়েছিল, কিন্তু দিল্লি ১ কোটি ১০ লক্ষ টাকা দর দিয়ে দেয়। মুম্বই ইন্ডিয়ান্স এরপর আসরে নেমে হরমনপ্রীতের জন্য দর দেয় ১ কোটি ২০ লক্ষ টাকার। দর কষাকষি চলতে চলতে মুম্বই যখন ১ কোটি ৬০ লক্ষ টাকা দর দিয়েছে, তখন ঝাঁপায় ইউপি ওয়ারিয়রজ। তারা ১ কোটি ৭০ লক্ষ টাকা দর দিলেও শেষ অবধি হরমনপ্রীতকে ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, এই দলের বোলিং কোচ ও মেন্টরের দায়িত্বে রয়েছেন ঝুলন গোস্বামী। ঝুলন-হরমনপ্রীত কম্বিনেশন বড় ফ্যাক্টর হতে চলেছে।
|
গার্ডনার রয়েছেন মান্ধানার পরেই
৩.২ কোটি টাকা দর উঠেছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্য়াশলে গার্ডনার (Ashleigh Gardner)-এর। মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়রজের মধ্যে প্রথমে দর কষাকষি চলছিল। শেষে গুজরাত জায়ান্টস লড়াইয়ে নামে। শেষ অবধি তারাই কিনেছে গার্ডনারকে। দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে ইংল্যান্ডের অলরাউন্ডার সোফি এক্লেস্টোনকে ১.২ কোটি টাকায় কিনেছে ইউপি ওয়ারিয়রজ।
|
পেরিদের অধিনায়ক স্মৃতিই হচ্ছেন
এলিস পেরিকেও নিয়ছে আরসিবি। অস্ট্রেলিয়ার এই তারকার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে নিতে আগ্রহী ছিল দিল্লি ক্যাপিটালস। যদিও শেষ হাসি হাসে আরসিবিই। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় কিনেছে আরসিবি। প্রথম সেটে তিন তারকাকে ছিনিয়ে নিয়ে উচ্ছ্বসিত আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন। স্মৃতি মান্ধানাই যে আরসিবির অধিনায়ক হতে চলেছেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন হেসন। ওয়েস্ট ইন্ডিজের হেইলে ম্যাথুর বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা, তিনি অবিক্রিত রয়েছেন। দ্বিতীয় সেট থেকে রেণুকা সিংকে দেড় কোটি টাকায় কিনেছে আরসিবি। ২.৬ কোটি টাকায় বাংলার দীপ্তি শর্মাকে কিনেছে ইউ ওয়ারিয়রজ।












Click it and Unblock the Notifications