WPL Auction 2023: রিচা আরসিবি ও দীপ্তি ইউপিতে, শেফালি-জেমাইমাকে নিল দিল্লি, কী বলছেন হরমনপ্রীত-স্মৃতি?
মহিলাদের প্রিমিয়ার লিগে রিচা ঘোষকে নিল আরসিবি। দীপ্তি শর্মা খেলবেন ইউপি ওয়ারিয়রজের হয়ে। শেফালি ভার্মা ও জেমাইমা রডরিগেজ দিল্লিতে।
মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম চলছে মুম্বইয়ে। উইমেন্স প্রিমিয়ার লিগে বাংলার রিচা ঘোষকে খেলতে দেখা যাবে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে। দীপ্তি শর্মাকে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটীয় বিষয়ের প্রধান। দিল্লি ইতিমধ্যেই নিয়েছে জেমাইমা রডরিগেজ ও শেফালি ভার্মাকে।

জেমাইমা দিল্লিতে
জেমাইমা রডরিগেজ মহিলাদের বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে হতাশায় ক্রিকেট ছাড়বেন বলেও ভেবেছিলেন। যদিও বছরখানেকের মধ্যেই তিনি টি ২০ বিশ্বকাপে ভারতকে দুরন্ত জয় এনে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। তারপর আজকের নিলামে জেমাইমার কতটা দর ওঠে সেদিকে ছিল সকলের নজর। জেমাইমার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ইউপি ওয়ারিয়রজ নিতে ঝাঁপায়। লড়াই চলতে থাকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। এরপর দর কষাকষিতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি জেমাইমাকে ২.২ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

শেফালিও ক্যাপিটালসেই
ভারতের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক শেফালি ভার্মাও খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পিছনে ফেলে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেফালির দর উঠেছে ২ কোটি টাকা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকেও ১.১ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। শেফালি, জেমাইমা ও ল্যানিংয়ের মধ্যে কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে জল্পনা চলছে। যদিও ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল বলেন, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। রাধা যাদব, শিখা পাণ্ডেকেও নিয়েছে ক্যাপিটালস।

শিলিগুড়ির রিচা খেলবেন আরসিবিতে
জেমাইমার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করে গতকাল ভারতকে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন রিচা ঘোষ। শিলিগুড়ির রিচাকে দলে নিয়েছে আরসিবি। রিচাকে নিয়ে নিলামে দর কষাকষিতে সামিল হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। যদিও শেষ অবধি ১.৯ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আরসিবি। সোফি ডিভাইন, এলিস পেরি, রেণুকা সিং, রিচা ঘোষদের নিয়ে শক্তিশালী দল গড়ছে আরসিবি। অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেছেন, আমরা এতদিন পুরুষদের আইপিএলে নিলাম দেখতাম। এবার আমাদের জন্য অকশন হচ্ছে, যা ভারতীয় ক্রিকেটের বড় মুহূর্ত। আরসিবি ঐতিহ্যশালী দল, বড় ফ্যান বেস। রেড অ্যান্ড গোল্ড জার্সি পরতে মুখিয়ে আছি, লক্ষ্য অবশ্যই কাপ জেতা।

হরমনপ্রীতের দলে
ভারতীয় দলের অপর গুরুত্বপূর্ণ সদস্য যস্তিকা ভাটিয়াকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পূজা বস্ত্রকারও খেলবেন এই দলের হয়ে। হরমনপ্রীত কৌরই মুম্বই ইন্ডিয়ান্সকে উইমেন্স প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেবেন। তাঁর কথায়, আইপিএলে সব সময়ই মুম্বই ইন্ডিয়ান্স ভালো ফল করে এসেছে। এবার সেই দলের সঙ্গে যুক্ত হয়েছি। সাফল্য এনে দেওয়ারই চেষ্টা করব সকলে মিলে। উইমেন্স প্রিমিয়ার লিগ মহিলা ক্রিকেটের ক্ষেত্রে গেম চেঞ্জার হবে। আমরা সকলেই মুখিয়ে রয়েছি। মুম্বই ইন্ডিয়ান্সের পুরুষদের দলের মতো মহিলা দলও সমর্থকদের মুখে হাসি ফোটাবে বলে আশাবাদী হরমনপ্রীত।

দীপ্তি ইউপি ওয়ারিয়রজে
বাংলার দীপ্তি শর্মাকে নিলাম থেকে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। লখনউয়ের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলী সর্বাণীকেও। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, তাহলিয়া ম্যাকগ্রা, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলকে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ (UP Warriorz)। দীপ্তি শর্মাকে নিতে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি তাঁকে ২.৬ কোটি টাকায় দলে নেয় ইউপি। দীপ্তির কথায়, এটা একটা দারুণ সুযোগ। ইউপির হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য থাকবে। এই টুর্নামেন্টের জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম। ভারতীয় ক্রিকেটারদের জন্যও এই টুর্নামেন্ট ইতিবাচক হবে বলে আশা দীপ্তির। বেথ মুনি, অ্যাশলে গার্ডনার, হারলীন দেওল, স্নেহ রানা খেলবেন গুজরাত জায়ান্টসের হয়ে।












Click it and Unblock the Notifications