WPL 2025: সোফি ডিভাইন আচমকা বিরতি নিলেন ক্রিকেট থেকে, বড় ধাক্কা আরসিবির
WPL 2025: ডব্লিউপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের চ্যাম্পিয়নরা এবার পাবে না সোফি ডিভাইনকে।
নিউজিল্যান্ডের মহিলা দলের অধিনায়ক তথা তারকা অলরাউন্ডার আচমকাই বিরতি নিলেন ক্রিকেট থেকে। খেলবেন না মহিলাদের প্রিমিয়ার লিগে।

নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞের পরামর্শ মেনে ডিভাইন নিজের ভালো থাকাকে অগ্রাধিকার দিতে চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেশে ঘরোয়া ক্রিকেটেও খেলবেন না আপাতত। তাঁর ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ যথাসময়েই স্পষ্ট করা হবে।
নিউজিল্য়ান্ড ক্রিকেটের পাশাপাশি ক্রিকেট ওয়েলিংটন ও আরসিবি ডিভাইনের এই সিদ্ধান্তে তাঁর পাশেই রয়েছে। উল্লেখ্য, করোনাকাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে মানসিক সুস্থতাকে প্রাধান্য দিয়ে অনেক ক্রিকেটারই সাময়িক বিরতি নিয়েছেন। পরবর্তীকালে মাঠেও ফিরেছেন। সেই তালিকায় নবতম সংযোজন ডিভাইন।
সোফি ডিভাইন সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে ৫ ম্যাচে ৩৮ রান করেছেন, ৮টি উইকেট নিয়েছেন। গত শুক্রবার ক্রাইস্টচার্চে ক্যান্টারবেরির বিপক্ষে ১৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়ে ম্য়াচ জিতিয়েছিলেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের মহিলা বিভাগের হাই পারফরম্যান্স ডেভেলপমেন্ট প্রধান লিজ গ্রিন বলেছেন, প্লেয়ারদের ভালো থাকার বিষয়টিকে আমরা সব কিছুর চেয়ে এগিয়ে রাখি। সোফি এই সিদ্ধান্ত নেওয়ায় তাঁর পাশেই রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও হাই পারফরম্যান্সের সব ইউনিট স্টাফ। এটাই সেরা অপশন সোফির।
গ্রিন আশাবাদী, সাময়িক বিরতিতে সকলের সমর্থন পেয়ে ও নিজের প্রতি যত্ন নিয়ে সোফি ফিট হয়ে পেশাদার ক্রিকেটে স্বমহিমায় ফিরবেন, এটাই নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে গুরুত্বপূর্ণ।
গত বছর অক্টোবরে টি২০ বিশ্বকাপ জেতার পর সোফি ভারত সফরে ওডিআই সিরিজে খেলেছেন। এরপর মহিলাদের বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে খেলেছেন। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজেও খেলেছেন সোফি।
এবারের ডব্লিউপিএলের মিনি নিলামের আগে সোফিকে ধরে রেখেছিল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। তিনি গত ডব্লিউপিএলে ১০টি ম্যাচে ১৩৬ রান করেন এবং ৬টি উইকেট নেন। ১৫ ফেব্রুয়ারি ভদোদরায় ডব্লিউপিএলে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। তার আগে খুঁজে নিতে হবে সোফির বিকল্প।












Click it and Unblock the Notifications