WPL 2025: আরসিবির কাছে মুম্বই ইন্ডিয়ান্সের হার, শীর্ষে থেকেই ফাইনালে দিল্লি ক্যাপিটালস
মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে আরসিবির কাছে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরসিবি। মেঘানা এবং স্মৃতি মান্ধানার জুটি ওপেনিংয়ে ৪১ রান করে। তবে ১৩ বলে ২৬ রান করে আউট হলেন মেঘানা। অধিনায়ক স্মৃতি এই ম্যাচে অর্ধশতরান করলেন। ৩৭ বলে ৫৩ রানের ইনিংসে ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা।

তিন নম্বরে ব্যাট করতে নেমে এই ম্যাচেও ভালো খেললেন এলিসে পেরি। ১ রানের জন্য অর্ধশতরান করা হল না তাঁর। ৩৮ বলে ৪৯ রানের ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। এবারও গোটা টুর্নামেন্টে দুরন্ত ব্যাটিং করেছেন আরসিবির এই ব্যাটার। বঙ্গ তনয়া রিচা ঘোষ ২২ বলে ৩৮ রান করেন। পাঁচটি চার এবং একটি ছক্কা মারেন রিচা। গ্রেগোরিয়া ১০ বলে ৩১ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা।
নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে আরসিবি। মুম্বইয়ের বোলারদের মধ্যে ম্যাথুস ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। আর কোনও বোলারই আরসিবির ব্যাটারদের সামনে দাগ কাটতে পারলেন না।
বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। আমেলিয়া কের ৯ রান করেই আউট হলেন। তবে তিন নম্বরে নেমে ৩৫ বলে ৬৯ রানের দুরন্ত ইনিংস খেললেন নাট ব্রুন্ট। নয়টি চার এবং দুটি ছক্কা মারেন। হরমনপ্রীত কৌর এই ম্যাচে ব্যাট হাতে খুব একটা সফল হলেন না. ২০ রান করেই আউট হলেন মুম্বই অধিনায়ক। আমোনজ্যোত কৌর ১৭ এবং সাজীবন সাজানা ২৩ রান করে আউট হলেন। শেষ দিকের মুম্বই ব্যাটাররা কেউই সেভাবে রান করতে পারলেন না।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে মুম্বই। আরসিবির হয়ে স্নেহ রানা ৩টি এবং কিম ও এলিসে পেরি দুটি করে উইকেট নেন। ১১ রানে জয় হাসিল করে সম্মানের সঙ্গে লিগ শেষ করল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি।
এই ম্যাচ মু্ম্বই হারায় তারা ২ নম্বরে থেকে লিগ অভিযান শেষ করল। ফলে তাদের প্লে-অফের ম্যাচ খেলতে হবে গুজরাত জায়ান্টস দলের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার। দিল্লি ক্যাপিটালস সরাসরি ফাইনালে পৌছে গেল ১ নম্বর স্থানে থাকায়।












Click it and Unblock the Notifications