WPL 2025: মুম্বইয়ের জয়ে বিদায়ের মুখে ইউপি, দিল্লির শীর্ষস্থান ধরে রাখা নিয়ে আশাবাদী সৌরভ
WPL 2025: ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ফিরল জয়ের সরণিতে। আর তাতেই মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে ইউপি ওয়ারিয়রজ।
আজ লখনউয়ে মুম্বই ইন্ডিয়ান্স জয় ছিনিয়ে নিল ৯ বল বাকি থাকতে, ৬ উইকেটে। কমলা ও বেগুনি টুপির দখল নিলেন মুম্বইয়ের ন্যাট সিভার-ব্রান্ট ও অ্যামেলিয়া কের।

আজ একানা স্টেডিয়ামে টস জিতে ইউপি ওয়ারিয়রজকে ব্যাট করতে পাঠিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে দীপ্তি শর্মার দল। ওপেনার জর্জিয়া ভল করেন ৩৩ বলে ৫৫। দীপ্তি ২৭ ও সোফি এক্লেস্টোন করেন ১৬।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার হিসেবে ডব্লিউপিএলে পাঁচ উইকেট নিলেন অ্যামেলিয়া কের। তিনি ৪ ওভারে ৩৮ রান খরচ করে নিলেন পাঁচ উইকেট। চলতি টুর্নামেন্টে তাঁর উইকেট-সংখ্যা আপাতত ১০। রেণুকা সিংয়েরও ১০ উইকেট রয়েছে। তবে কের দখলে নিলেন বেগুনি টুপি। তাঁর গড় ও ইকনমি রেণুকার চেয়ে ভালো।
হেইলি ম্যাথুজ ২টি এবং ন্যাট সিভার-ব্রান্ট ও পারুণিকা সিসোদিয়া ১টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। হেইলি ম্যাথুজ ওপেন করতে নেমে ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৬৮ রান করেন।
ন্যাট সিভার-ব্রান্ট করেন ৩৭। ফলে ৬ ম্যাচে ৩০৯ রান করে তিনি দখলে নিলেন কমলা টুপি, সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে। এই ম্যাচের আগে অবধি আরসিবির এলিস পেরি (২৯৫)-র দখলে ছিল অরেঞ্জ ক্যাপ। আমনজ্যোৎ কৌর ১২ ও যস্তিকা ভাটিয়া ১০ রানে অপরাজিত থাকেন।
গ্রেস হ্যারিস ২টি এবং চিনেল হেনরি ও ক্রান্তি গৌড় নেন ১টি করে উইকেট। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স। সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইউপি সকলের নীচে।
এদিকে, কাল দিল্লি ক্যাপিটালস খেলবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে। দিল্লি রয়েছে শীর্ষে। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, শীর্ষে থাকলে সরাসরি ফাইনাল খেলা যাবে। ফলে গুজরাত ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ। দিল্লি দু-বারই ফাইনাল খেলেছে। এবারও পরপর ২দিন ৯ উইকেটে জয় পেয়েছে, যা নিশ্চিতভাবেই বড় ব্যাপার। সৌরভের আশা এবার খেতাব জিতবে দিল্লি।












Click it and Unblock the Notifications