WPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের বিজয়রথের পিছনে কোন ফ্যাক্টর? গুজরাত জায়ান্টস শুরুতেই খেল বড় ধাক্কা
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের বিজয়রথ অদম্য গতিতে ছুটছে। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসকে উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা।
অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ম্যাচের সেরার পুরস্কার পেলেন অ্যামেলিয়া কের। ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

টস জিতে বেথ মুনির গুজরাত জায়ান্টসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হরমনপ্রীত। শুরু থেকেই গুজরাতকে চেপে ধরেন মুম্বইয়ের বোলাররা। ২০ ওভারে গুজরাত জায়ান্টস তোলে ৯ উইকেটে ১২৬ রানষ তনুজা কানওয়ার দশে নেমে ২৮ রান করেন। মুনি করেন ২৪। ক্যাথরিন ব্রাইস অপরাজিত থাকেন ২৫ রানে।
অ্যামেলিয়া কের ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন চার উইকেট। বোলিং ওপেন করা শবনিম ইসমাইল ৪ ওভারে ১৮ রান খরচ করে তিনটি উইকেট ঝুলিতে পুরলেন। ন্যাট সিভার-ব্রান্ট ও হেইলি ম্যাথুজ পেলেন একটি করে উইকেট। পূজা বস্ত্রকার, সত্যমূর্তি কীর্তনা ও বাংলার সাইকা ইশাক কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ১১ বল বাকি থাকতে আসে ৫ উইকেটে জয়। যস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথুজ ওপেন করেন, দুজনেই আউট হন ৭ রানে। ন্যাট সিভার-ব্রান্ট ১৮ বলে ২২ করে রান আউট হন। এরপর কেরকে নিয়ে কৌর মূল্যবান পার্টনারশিপ গড়েন।
অ্যামেলিয়া কের তিনটি চারের সাহায্যে ২৫ বলে ৩১ রান করেন। হরমনপ্রীত রাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে অপরাজিত থাকেন ৪১ বলে ৪৬ রান করে। তনুজা কানওয়ার ২টি এবং ক্যাথরিন ব্রাইস ও লিয়া তাহুহু একটি করে উইকেট পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইল। প্রথম ম্যাচেই পরাস্ত হলো গুজরাত।
হরমনপ্রীত বলেন, আমাদের দল যথেষ্ট ব্যালান্সড। বিভিন্ন দেশের সেরা অলরাউন্ডাররা দলে রয়েছেন। শবনিমের প্রশংসাও করেছেন হরমনপ্রীত। বোলাররা যেভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠছেন, সেটাই আত্মবিশ্বাসী করে তুলছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। মুম্বই দলে ১১ জনের ৯ জনই বল করতে পারেন। ফলে বোলিং কম্বিনেশন ঠিক করা সহজ হয়ে যাচ্ছে। ওপেনাররাও ঘুরে দাঁড়াবেন বলে আশাবাদী হরমনপ্রীত।
মহিলাদের প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে কাল মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়রজ ও দিল্লি ক্যাপিটালস। দুই দলই প্রথম জয়ের স্বাদ পেতে মুখিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications