WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে চমক দেখালেন কারা? দল পেলেন না কোন তারকারা?
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের নিলাম আজ হলো মুম্বইয়ে। ৯ বিদেশি-সহ ৩০ জন ক্রিকেটারকে সর্বাধিক নেওয়ার সুযোগ ছিল। সব দলই তাদের প্রয়োজনীয় জায়গাগুলি ভরাট করে নিয়েছে।
অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক না হলেও কাশ্বী গৌতম ও বৃন্দা দীনেশের দর উঠল যথাক্রমে ২ কোটি ও ১.৩ কোটি টাকা।

দিল্লি ক্যাপিটালসের হাতে পড়ে ছিল ২ কোটি ২৫ লক্ষ টাকা। তার ৮৮.৮ শতাংশ খরচ করে সাদারল্যান্ডকে নিয়ে নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট নিজে ছিলেন এদিনের নিলামে। অ্যানাবেলের পাশাপাশি অপর্ণা মণ্ডল ও অশ্বিনী কুমারীকে ১০ লক্ষ করে টাকার বিনিময়ে নিয়েছে দিল্লি।
গুজরাত জায়ান্টস ফোয়েব লিচফেল্ডকে ১ কোটি টাকা দিয়ে নিয়েছে। মেঘনা সিং (৩০ লক্ষ), তৃষা পূজিতা (১০ লক্ষ), কাশ্বী গৌতম (২ কোটি), প্রিয়া মিশ্র (২০ লক্ষ), লরেন চেটল (৩০ লক্ষ), ক্যাথরিন ব্রাইস (১০ লক্ষ), মান্নাত কাশ্যপ (১০ লক্ষ), বেদা কৃষ্ণমূর্তি (৩০ লক্ষ) ও তারান্নুম পাঠান (১০ লক্ষ)-কে নিয়েছে গুজরাত।
মুম্বই ইন্ডিয়ান্স নিলাম থেকে যাঁদের নিল তাঁরা হলেন- শবনিম ইসমাইল (১.২ কোটি), এস সাজনা (১৫ লক্ষ), আমনদীপ কৌর (১০ লক্ষ), ফতিমা জাফর (১০ লক্ষ), কীর্তনা বালাকৃষ্ণন (১০ লক্ষ)।
ইউপি ওয়ারিয়রজ নিলাম থেকে নিল ড্যানি ওয়াট (৩০ লক্ষ), বৃন্দা দীনেশ (১.৩ কোটি), পুণম খেমনার (১০ লক্ষ), সাইমা ঠাকোর (১০ লক্ষ), গৌহের সুলতানা (১০ লক্ষ টাকা)-কে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যাঁদের আজ দলে নিল তাঁরা হলেন- জর্জিয়া ওয়েরহ্যাম (৪০ লক্ষ), কেট ক্রস (৩০ লক্ষ), একতা বিস্ত (৬০ লক্ষ), শুভা সতীশ (১০ লক্ষ), এস মেঘানা (৩০ লক্ষ), সিমরন বাহাদুর (৩০ লক্ষ) ও সোফি মলিনিউক্স (৩০ লক্ষ)।
শ্রীলঙ্কা মহিলা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু মহিলাদের বিগ ব্যাশ লিগে মোস্ট ভ্যালুয়েবল পুরস্কার পান, দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীও হন। কিন্তু তাঁকে এদিন কোনও দলই নিল নাষ অ্যাক্সেলারেটেড রাউন্ডেও তাঁর নাম ছিল না। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ডিয়ান্ড্রা ডটিন, অস্ট্রেলিয়ার কিম গার্থ অবিক্রিত রইলেন। তিনজনেরই বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।
অ্যাসোসিয়েট দেশগুলির মাত্র একজনই দল পেলেন। ১০ লক্ষ টাকা দিয়ে স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইসকে নিয়েছে গুজরাত জায়ান্টস। ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে নিলামে সর্বাধিক দর পেলেন একতা বিস্ত (৬০ লক্ষ)। বেদা কৃষ্ণমূর্তি ও এস মেঘানা বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় দল পেলেন শেষ রাউন্ডে গিয়ে। প্রথম মরশুমের নিলামে ১.৬ কোটি টাকায় ইউপি ওয়ারিয়রজ নিয়েছিল ভারতীয় অলরাউন্ডার দেবিকা বৈদ্য। তিনি আজকের নিলামে থেকে গেলেন অবিক্রিতদের তালিকাতেই।












Click it and Unblock the Notifications