WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির বিজয়রথ থামাল দিল্লি ক্যাপিটালস, পয়েন্ট তালিকার শীর্ষে শেফালিরা
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে সাপ-লুডোর খেলা অব্যাহত। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমবার পরাজয়ের সম্মুখীন হতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
দিল্লি ক্যাপিটালস এদিন ২৫ রানে হারিয়ে দিল আরসিবির মহিলা দলকে। ম্যাচের সেরা মারিজান কাপ। পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দিল্লি ক্যাপিটালস।

টস জিতে আরসিবি ফিল্ডিং নিয়েছিল। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে দিল্লি ক্যাপিটালস। তিনটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ৩১ বলে ৫০ রান করেন ওপেনার শেফালি ভার্মা। অ্যালিস ক্যাপসি ৪৬, মারিজান কাপ ১৬ বলে ৩২ রান করেন। ১৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন জেস জোনাসেন।
অরুন্ধতী রেড্ডি ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন। সোফি ডিভাইন ৩ ওভারে ২৩ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন। নাদিন ডি ক্লার্ক ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে পেয়েছেন দুটি উইকেট। ১টি উইকেট পেয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল।
জবাবে খেলতে নেমে আরসিবি ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানের বেশি এগোতে পারেনি। অধিনায়ক স্মৃতি মান্ধানা ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৭৪ রান করে আউট হন। সাব্বিনেনি মেঘানা ৩৬, ডিভাইন ২৩ ও রিচা ঘোষ ১৯ রান করেন। ১৭ ওভারে ১৫০ রানে পড়ে চতুর্থ উইকেট। সেখান থেকে ১৯.৪ ওভারে পড়ে নবম উইকেট।
জেস জোনাসেন ৪ ওভারে ২১ রান খরচ করে তিনটি উইকেট পান। মারিজান কাপ ৪ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। অরুন্ধতী ২টি উইকেট ঝুলিতে পুরেছেন ৪ ওভারে ৩৮ রান দিয়ে। শিখা পাণ্ডে ৪ ওভার বল করেছেন ২৭ রান দিয়ে তিনি পান ১টি উইকেট।
দিল্লি ক্যাপিটালস, আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স তিনটি দলেরই ৩ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। নেট রান রেট- দিল্লির ১.২৭১, আরসিবির ০.৭০৫, মুম্বই ইন্ডিয়ান্সের মাইনাস (-) ০.১৮২। ইউপি ওয়ারিয়রজ ৩ ম্যাচে ২ পয়েন্টে দাঁড়িয়ে। গুজরাত জায়ান্টস দুটি ম্যাচের দুটিতেই পরাস্ত হয়েছে।












Click it and Unblock the Notifications