WPL 2024: দিল্লির জয়ে গাড্ডায় গুজরাত! অভিষেকে নজর কাড়লেন তিতাস, মেগ ল্যানিংয়ের বিরাট রেকর্ড
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে এবার চারটি ম্যাচ খেলার পরও জয়ের মুখ দেখতে পারল না গুজরাত জায়ান্টস। গত মরশুমে নিজেদের ষষ্ঠ ম্যাচে হেরেছিল তারা। তারপর থেকে হারের ধারা অব্যাহত রেখে গাড্ডায় গুজরাত।
গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল দিল্লি ক্যাপিটালস। মেগ ল্যানিং গড়লেন নয়া নজির।

চোটের কারণে দুই দলই এদিন বেশ কয়েকজন ক্রিকেটারকে পায়নি। উরুতে চোট থাকায় গুজরাত পায়নি হারলিন দেওল ও স্নেহ রানাকে। তাঁদের পরিবর্তে খেললেন বেদা কৃষ্ণমূর্তি ও তারান্নুম পাঠান। পাঠানের মতোই এদিন উইমেন্স প্রিমিয়ার লিগে অভিষেক হলো বাংলার তিতাস সাধুর।
দিল্লি ক্য়াপিটালস চোটের কারণে এই ম্যাচে পায়নি মারিজান কাপকে। মিন্নু মনির জায়গায় খেললেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিতাস সাধু দেশের হয়ে সাতটি টি২০ আন্তর্জাতিক খেলে ফেলেছেন ইতিমধ্যেই। তবে আজ ডব্লিউপিএলে প্রথম ম্যাচটি খেললেন তিনি।
টস জিতে গুজরাত জায়ান্টস ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালসকে। ২০ ওভারে মেগ ল্যানিংয়ের দল তোলে ৮ উইকেটে ১৬৩। ৬টি চার ও একটি ছয়ের দৌলতে ৪১ বলে সর্বাধিক ৫৫ করেন ল্যানিং। এই ইনিংস খেলার ফাঁকেই গুজরাত জায়ান্টস অধিনায়ক বেথ মুনির রেকর্ড ভেঙে দিলেন তিনি।
মহিলাদের টি২০-তে এদিনই ৯ হাজার রান পূর্ণ করলেন ল্যানিং, ২৮৯তম টি২০ ইনিংসে। বেথ মুনির ৯ হাজার রানে পৌঁছতে লেগেছিল ২৯৯টি টি২০ ইনিংস। অ্যালিস ক্যাপসি ২৭, সাদারল্যান্ড ২০, শেফালি ভার্মা ১৩ রান করেন। ৮ বলে ঝোড়ো ১৪ রান করে অপরাজিত থাকেন শিখা পাণ্ডে।
মেঘনা সিং ৪ ওভারে ৩৭ রান খরচ করে চারটি উইকেট দখল করেন। অ্যাশ গার্ডনার পেয়েছেন ২টি উইকেট। তনুজা কানওয়ার ও মান্নত কাশ্যপের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি গুজরাত জায়ান্টস। গার্ডনার সর্বাধিক ৪০ রান করেছেন।
মহিলাদের প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে বোলিং ওপেন করানো হয় তিতাস সাধুকে দিয়ে। প্রথম ওভারটিই মেডেন। তিনি ২ ওভারে ১টি মেডেন-সহ ১২ রান দিয়ে কোনও উইকেট পাননি। রাধা যাদব ৪ ওভারে ২০ ও জেস জোনাসেন ৪ ওভারে ২২ রান খরচ করে তিনটি করে উইকেট নিয়েছেন। শিখা পাণ্ডে ও অরুন্ধতী রেড্ডি পান ১টি করে উইকেট।
দিল্লি ক্যাপিটালস ২৫ রানে ম্যাচ জেতায় ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল। ৪ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্টও ৬। তবে নেট রান রেটে দিল্লি (১.২৫১) এগিয়ে মুম্বইয়ের (০.৪০২)-এর চেয়ে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট ও ০.২১১ নেট রান রেট নিয়ে তিনে আছে ইউপি ওয়ারিয়রজ। আরসিবি সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে, নেট রান রেট মাইনাস (-) ০.০১৫।












Click it and Unblock the Notifications