মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে-অফে দিল্লি ও ইউপি, ছিটকে গেল আরসিবি ও গুজরাত জায়ান্টস
মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স আগেই পৌঁছে গিয়েছিল প্লে-অফে। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়রজের জয়ের সঙ্গে তাদের সঙ্গে প্লে-অফে চলে গেল দিল্লি ক্যাপিটালসও। ছিটকে গেল গুজরাত জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ ১ বল বাকি থাকতে ৩ উইকেটে হারাল গুজরাতকে।

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত জায়ান্টস। ২০ ওভারে স্নেহ রানার নেতৃত্বাধীন দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৭ রান করেন দয়ালান হেমলতা। সমসংখ্যক চার ও ছয় মেরে ৩৯ বলে ৬০ রান করে অ্যাশলে গার্ডনার। সোফিয়া ডাঙ্কলি ২৩ ও লরা উলভার্ট ১৭ রান করেন। হারলিন দেওল ৪ রানের বেশি করতে পারেননি। পার্শ্বী চোপড়া ও রাজেশ্বরী গায়কোয়াড় ২টি করে এবং অঞ্জলি সর্বাণী ও সোফি এক্লেস্টোন ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি ওয়ারিয়রজ। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪১ বলে সর্বাধিক ৭২ রান করেন গ্রেস হ্যারিস। ১১টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৫৭ রান তাহলিয়া ম্যাকগ্রার। দেবিকা বৈদ্য ৭, অধিনায়ক অ্যালিসা হিলি ১২, কিরণ নবগীরে ৪, দীপ্তি শর্মা ৬ রান করেন। সোফি এক্লেস্টোন ১৩ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। কিম গার্থ দুটি এবং মনিকা প্যাটেল, অ্যাশ গার্ডনার, তনুজা কানওয়ার ও স্নেহ রানা একটি করে উইকেট নেন।
এই ম্যাচের পরই শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। এখনও অবধি মুম্বই ইন্ডিয়ান্সের ৬ ম্যাচে ১০ পয়েন্ট, দিল্লি ক্যাপিটালসের ৬ ম্যাচে ৮ পয়েন্ট। ইউপি ওয়ারিয়রজ ৭ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে তিনে রয়েছে। আরসিবির ৭ ম্যাচে ও গুজরাত টাইটান্সের ৮ ম্যাচে ৪ পয়েন্ট। কাল আরসিবি শেষ ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারপর রয়েছে ইউপি ওয়ারিয়রজ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। কারা প্রথম তিনে কোন জায়গায় থাকবে, কারা সরাসরি ফাইনালে যাবে আর এলিমিনেটর কোন দুই দল খেলবে, সেটা নিশ্চিত হবে কালকের ম্যাচে ফলাফলের উপরেই।












Click it and Unblock the Notifications