গুজরাত জায়ান্টসের দ্বিতীয় পরাজয়, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে WPL অভিযান শুরু ইউপি-র
মহিলাদের প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় পরাজয় সবচেয়ে দামি দল গুজরাত জায়ান্টসের। ১ বল বাকি থাকতে ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় ইউপি ওয়ারিয়রজের।
মহিলাদের প্রিমিয়ার লিগে রান তাড়া করে প্রথম জয়টি ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়রজ (UP Warriorz)। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অ্যালিসা হিলির দলের সামনে ছিল ১৭০ রানের টার্গেট। শেষ ৫ ওভারে দরকার ছিল ৭০ রান। এরপর সমীকরণ দাঁড়ায় যথাক্রমে ৪ ওভারে ৬৩, তিন ওভারে ৫৩ ও ২ ওভারে ৩৩। শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ১৯। গ্রেস হ্যারিসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ উইকেটে ইউপি জিতল ১ বল বাকি থাকতেই।

গুজরাত জায়ান্টস অধিনায়ক বেথ মুনি গতকাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন। তিনি কবে মাঠে ফিরবেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে স্নেহ রানা নেতৃত্ব দিলেন গুজরাতকে। টস জিতে ব্যাট করতে নেমে গুজরাত জায়ান্টস ৬ উইকেটে ১৬৯ রান তোলে। হারলীন দেওল ৩২ বলে ৪৬ রান করেন। অ্যাশ গার্ডনার ২৫ রান করেন। দয়ালান হেমলতা ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। দীপ্তি শর্মা ও সোফি এক্লেস্টোন ২টি করে উইকেট দখল করেন। অঞ্জলি সর্বাী ও তাহলিয়া ম্যাকগ্রা নেন একটি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ১২.৫ ওভারে ৮৮ রানে ৬ উইকেট হারিয়েছিল ইউপি ওয়ারিয়রজ। ১৫.৪ ওভারে পড়ে সপ্তম উইকেট। তখনও জিততে প্রয়োজন ২৬ বলে ৬৫ রান। তবে আর কোনও উইকেট না হারিয়ে ১৯.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি। গ্রেস হ্যারিস ও সোফি এক্লেস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে। অ্যালিসা হিলি ও শ্বেতা শেরাওয়াত রান পাননি। কিরণ নবগীরে তিনে নেমে ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। ম্যাকগ্রা শূন্য, দীপ্তি ১১, সিমরন শেখ শূন্য ও দেবিকা বৈদ্য ৪ রান করে সাজঘরে ফেরায় চাপ তৈরি হয়।
যদিও স্নায়ুর যুদ্ধে দায়িত্বশীল ইনিংস উপহার দেন গ্রেস ও সোফি। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন গ্রেস হ্যারিস। ১২ বলে ২২ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সোফি। কিম গার্থ ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করেন। দিল্লি ক্যাপিটালসের তারা হ্যারিসের পর তিনিই প্রথম বোলার যিনি এবারের ডব্লুপিএলে ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। অ্যানাবেল সাদারল্যান্ড ও মানসী যোশী একটি করে উইকেট পেয়েছেন। ম্যাচের সেরা গ্রেস হ্যারিস। কাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই। দুইয়ে দিল্লি, তিনে ইউপি। আরসিবি একটি ম্যাচে ও গুজরাত দুটি ম্যাচেই পরাস্ত হয়েছে।












Click it and Unblock the Notifications