WPL 2023: মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে চূর্ণ করে চ্যাম্পিয়ন হরমনপ্রীতের মুম্বই
মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড টি ২০ বিশ্বকাপ জেতা অধিনায়ক মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে। অনবদ্য ব্যাটিং করে দলকে তিন বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ন্যাট সিভার-ব্রান্ট।

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। মেগ ল্যানিং পাঁচটি চারের সাহায্যে ২৯ বলে ৩৫ রান করেন। মারিজান কাপ ১৮, শেফালি ভার্মা ১১, অ্যালিস ক্যাপসি শূন্য ও জেমাইমা রডরিগেজ ৯ রান করেন।
১০.৩ ওভারে ৭৪ রানে চতুর্থ উইকেট পড়েছিল দিল্লির। সেখান থেকে ১৬ ওভারে ৭৯ রানে নবম উইকেট পড়ে যায় ল্যানিংয়ের দলের। শিখা পাণ্ডে ১৭ বলে ও রাধা যাদব ১২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। তাঁদের ব্যাটিংয়েই ১০০ পেরোতে সক্ষম হয় দিল্লি। ইসি ওং ও হেইলি ম্যাথিউজ তিনটি করে উইকেট দখল করেন। ম্যাথিউজের বোলিং ফিগার ৪ ওভার ২ মেডেন ৫ রানের বিনিময়ে ৩ উইকেট। অ্যামেলিয়া কের নেন ২ উইকেট।
জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। হেইলি ম্যাথিউজ ১২ বলে ১৩ ও যস্তিকা ভাটিয়া ৩ বলে ৪ রান করেন। ন্যাট সিভার-ব্রান্ট সাতটি চারের সাহায্যে ৫৫ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। হরমনপ্রীত কৌর ৩৯ বলে ৩৭ রান করে রান আউট হন। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন অ্যামেলিয়া কের। রাধা যাদব ও জেস সোনাসেন একটি করে উইকেট নেন। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ও মেন্টর ঝুলন গোস্বামী বলেন, বোলারদের পূর্ণ কৃতিত্ব। কোচ হিসেবে এটিই ছিল আমার প্রথম টুর্নামেন্ট। দলের প্রত্যেকে নিজেদের প্রতি বিশ্বাস রেখে সেরাটা দিয়েছেন। তাঁদের জন্য গর্বিত। বিশ্বকাপের পর থেকে যেভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত, তার প্রশংসাও করেন ঝুলন।
ম্যাচের সেরার পুরস্কার পেলেন ন্যাট সিভার-ব্রান্ট। ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন যস্তিকা ভাটিয়া। সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে মেগ ল্যানিং পেলেন অরেঞ্জ কাপ। সর্বাধিক উইকেটশিকারী হেইলি ম্যাথিউজ, তিনি পেলেন পার্পল ক্যাপ। ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে দেবিকা বৈদ্যর যে ক্যাচ হরমনপ্রীত ধরেছিলেন সেটি এবারের টুর্নামেন্টের সেরা ক্যাচ। হরমনপ্রীতের হাতে ট্রফি তুলে দেন বোর্ড সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ।












Click it and Unblock the Notifications