WPL 2023: মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ পিছিয়ে গেল! কীভাবে দেখবেন গুজরাত ও মুম্বইয়ের দ্বৈরথ?
আজ থেকে মুম্বইয়ে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হলো আধ ঘণ্টা।
প্রতীক্ষার অবসান। আজ ভারতের মহিলা ক্রিকেটের পক্ষে এক ঐতিহাসিক দিন। নভি মুম্বইয়ে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। যদিও শুরুতেই হোঁচট। আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হলো গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। ম্যাচ পিছিয়ে দেওয়ার কারণ অবশ্য জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের কারণেই পিছিয়ে দেওয়া হলো টস ও ম্যাচ শুরুর সময়।

বিসিসিআইয়ের তরফে বিবৃতি মারফত জানানো হয়েছে, দর্শকদের জন্য নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল চারটে থেকে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। কিয়ারা আদবানি, কৃতী শ্যানন ও গায়ক এপি ধীলোঁ পারফর্ম করবেন। টস হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। জানা গিয়েছে, প্রথমে ঠিক ছিল বিকেল সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু সেটিও দেরিতে শুরু হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই সব কিছুই পিছিয়ে গেল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে মেয়েদের কোনও টিকিট লাগবে না বলেও জানানো হয়েছে।
গুজরাত জায়ান্টস দলটি মহিলাদের আইপিএলে সবচেয়ে বেশি দামে কিনেছে আদানি গোষ্ঠী। মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানা আম্বানিদের হাতে। ফলে প্রথম ম্যাচটিকে আম্বানি বনাম আদানি দ্বৈরথ হিসেবেও দেখছেন অনেকে। গুজরাতের দলের মেন্টর মিতালি রাজ, মুম্বইয়ের ঝুলন গোস্বামী। মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। গুজরাতের নেতৃত্বে সদ্যসমাপ্ত মহিলা টি ২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া অস্ট্রেলিয়ার বেথ মুনি। ২০২০ সালের টি ২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরাও হয়েছিলেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে ধাক্কা খেয়েছে গুজরাত জায়ান্টস। অসুস্থতার কারণে ছিটকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার কিম গার্থকে নিয়েছে গুজরাত।
মহিলাদের প্রিমিয়ার লিগ ভারতে সম্প্রচারের স্বত্ত্ব কিনেছে ভায়াকম ১৮। স্পোর্টস ১৮-১, স্পোর্টস খেল, কালারস সিনেমা, কালারস তামিল, কালারস কন্নড় সিনেমা চ্যানেলে সম্প্রচারিত হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচ। ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে WPL। জিও সিনেমা অ্যাপে দেখা যাবে উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ। অস্ট্রেলিয়ার মহিলা দল যখন ভারত সফরে এসেছিল তখন মুম্বইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে ভালোই উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। পাঁচ দলের ডব্লুপিএলের সব ম্যাচ মুম্বইয়ে দেওয়ার সেটাও অন্যতম কারণ।












Click it and Unblock the Notifications