WPL Auction 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে চোখ হরমনপ্রীতের ভারতের, ভাইরাল ভিডিও
দক্ষিণ আফ্রিকায় ভারত টি ২০ বিশ্বকাপ খেলছে। আজ টিম হোটেলে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা একসঙ্গে বসে নজর রাখলেন মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের দিকে।
দক্ষিণ আফ্রিকায় চলছে আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপ। গতকালই ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। ম্যাচের শেষে ভারত ও পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা মিলিত হয়েছেন, একসঙ্গে ছবি তুলেছেন। সৌহার্দ্যের সেই ছবির পাশে আজ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম চলাকালীন ধরা পড়ল ভারতীয় দলের সংহতির ছবিও।

আগামী মাসেই ভারতে বসছে উইমেন্স প্রিমিয়ার লিগ। যার লোগো এদিন প্রকাশিত হয়েছে। মুম্বইয়ে বেলা আড়াইটে থেকে শুরু হয় ক্রিকেটারদের নিলামের প্রক্রিয়া। ভারতীয় মহিলা ক্রিকেটের পক্ষে এদিনটি তাই ঐতিহাসিকও। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদেরও চোখ ছিল নিলামের দিকে। নিলামে প্রথমেই নাম ওঠে স্মৃতি মান্ধানার। তাঁকে ৩.৪ কোটি টাকায় কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের নিলামে স্মৃতির এই দর আর কেউ টপকাতে পারেননি।
Wholesome content alert! 🫶🏼 The first ever #WPL player @mandhana_smriti and her team-mates reacting to her signing with RCB 😃 pic.twitter.com/gzRLSllFl2
— JioCinema (@JioCinema) February 13, 2023
বিশ্বের টি ২০ বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা বাংলার দীপ্তি শর্মাকে ইউপি ওয়ারিয়রজ কিনেছে ২.৬ কোটি টাকায়। দিল্লি ক্যাপিটালস জেমাইমা রডরিগেজকে নিয়েছে ২.২ কোটি টাকায়। এ ছাড়া গুজরাত জায়ান্টস ৩.২ কোটি টাকায় কিনেছে অ্যাশলে গার্ডনারকে, ৩.২ কোটি টাকাতেই নাতালি-সিভার-ব্রান্টকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলাম চলাকালীন কেপ টাউনে হরমনপ্রীত কৌরের ভারতীয় দলের প্রত্যেকে একসঙ্গে টিভিতে চোখ রেখেছিলেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নিলামে রেকর্ড দর পাওয়া স্মৃতিকে ঘিরে ছিল রীতিমতো উচ্ছ্বাস।
জেমাইমা রডরিগেজ গতকাল দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জয় এনে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে। মহিলাদের বিগ ব্যাশ লিগে তিনি মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারসের হয়ে খেলেছেন, সুপার লিগে ইয়র্কশায়ার ডায়মন্ডস ও দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সে খেলেছেন। সুপার লিগে ইয়র্কশায়ারের হয়ে তাঁর শতরানও রয়েছে। মেলবোর্ন স্টারসে তিনি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ জনাথন ব্যাটির প্রশিক্ষণে খেলেছেন। জেমাইমা স্পোর্টস ১৮-কে বলেন, আমরা সকলে নিলাম একসঙ্গে মিলে দেখেছি। একে অপরের জন্য সেলিব্রেট করেছি। ডব্লুপিএল বিশ্বে মহিলা ক্রিকেটের ছবিটাই বদলে দেবে। আমি এই টুর্নামেন্টে নামার জন্য মুখিয়ে রয়েছি। শুধু আমরাই নই, বিদেশিরাও এই টুর্নামেন্ট ঘিরে খুবই আগ্রহী। জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মাদের সঙ্গেই দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে বাংলার পেসার তিতাস সাধুকে। তিনি অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপে ফাইনালের সেরা হয়েছিলেন। চুঁচুড়ার তিতাস দল পেলেও নিলামে অবিক্রিত থেকেছেন ওই দলের অপর সদস্য হৃষিতা বসু।












Click it and Unblock the Notifications