WPL Auction 2023: রিচা ঘোষ আরসিবিতে, পেলেন হরমনপ্রীতের চেয়েও বেশি দর! নিলামের অর্থ কোথায় খরচ?
ভারতীয় দলের উইকেটকিপার শিলিগুড়ির রিচা ঘোষকে ১.৯ কোটি টাকায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিলামের টাকা কীভাবে খরচ করবেন তা ঠিক করে ফেলেছেন রিচা।
মুম্বইয়ে আজ উইমেন্স প্রিমিয়ার লিগের জন্য ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়া চলল। তাতে নজর ছিল বাঙালি ক্রিকেটারদের দিকে। বিশেষ করে দুরন্ত ফর্মে থাকা রিচা ঘোষকে কোন দল নেয়, সেদিকে তাকিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। রিচাকে এবার খেলতে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। নিলামে ১.৯ কোটি টাকা দর পেয়েছেন। সেই টাকা খরচের বিষয়ে বড় পরিকল্পনাও সেরে ফেললেন রিচা।

রিচা চমক দিলেন নিলামে
সম্প্রতি শেফালি ভার্মার নেতৃত্বে ভারত যে অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে, সেই দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রিচা। উইকেটকিপার রিচা ঝোড়ো ব্যাটিংয়েও পারদর্শী। তাঁর প্রশংসা করেছেন ভারতীয় মহিলা দলের দায়িত্বপ্রাপ্ত কোচ হৃষীকেশ কানিতকার। বাংলার এই ক্রিকেটার যুব বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর আর কলকাতায় আসার সুযোগ পাননি। আমেদাবাদে বিসিসিআইয়ের তরফে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েই শেফালির সঙ্গে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়।

দুরন্ত ফর্মে
অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে ৫ রানের বেশি করতে না পারলেও বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে করেন অপরাজিত ৯১। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ভারত যখন কিছুটা চাপে তখন ঝোড়ো ব্যাটিং করে জেমাইমা রডরিগেজকে যোগ্য সঙ্গত দেন রিচা। ১৮তম ওভারে আইমান আনওয়ারের বলে পরপর তিনটি চার মেরে ম্যাচে ভারতকে চাপমুক্ত করেন। পাঁচটি চারের সাহায্যে গতকালের ম্য়াচে রিচা অপরাজিত ছিলেন ২০ বলে ৩১ রানে। তার আগে একটি স্টাম্পিংয়ের পাশাপাশি দুটি ক্যাচও ধরেন।

মান্ধানার আরসিবিতে খেলবেন
আইপিএলে স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবিতে খেলবেন রিচা। সেই দলে রয়েছেন এলিস পেরিও। হরমনপ্রীত কৌর ডব্লুপিএলের নিলামে যেখানে ১.৮ কোটি টাকা দর পেয়েছেন, সেখানে রিচার দর উঠেছে ১.৯ কোটি টাকা। রিচার কথায়, আমার বাবা-মা চাইতেন দেশের হয়ে খেলি। দেশকে বড় ট্রফি জেতানোর ক্ষেত্রে ভূমিকা নিই। তাঁরা অনেক স্বার্থত্যাগ করেছেন, অনেক কষ্ট করেছেন। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে প্রাপ্ত টাকা দিয়ে বাবা-মায়ের জন্য কলকাতায় একটা ফ্ল্যাট কিনব। যাতে তাঁরা সেখানেই জীবনকে উপভোগ করতে পারেন। বাবা আম্পায়ার। এবার থেকে তাঁকেও আর কঠোর পরিশ্রম করতে হবে না, এই আশা রাখি।

গর্বিত পিতা
বাবা মানবেন্দ্র ঘোষ ঠিক করেছেন বিশ্বকাপ খেলে মেয়ে দেশে ফিরলে একটি এসইউভি গাড়ি কিনে দেবেন। তবে তার আগে চান ভারতের বিশ্বকাপ জয়। আজ ডব্লুপিএল নিলাম দেখার পর তিনি বলেন, এটা সত্যিই আনন্দের মুহূর্ত। কিন্তু আসল লক্ষ্য রিচারা টি ২০ বিশ্বকাপ জিতে ফিরুক। আমাদের দল ভালো, তাই প্রত্যাশাও রয়েছে। আমি গর্বিত রিচা আমার কন্যা বলে। তবে ভারতীয় দলের সব মেয়ের জন্যও আমি গর্বিত। নিজের কেরিয়ারে রিচার ফোকাস স্থির থেকেছে। সবে পথ চলা শুরু। ফোকাস স্থির রেখে আরও সাফল্য পেতে হবে।












Click it and Unblock the Notifications