চটজলদি করুন, দেরি হয়ে গেলে কিন্তু এবারও ফস্কে যাবে বিশ্বকাপের টিকিট
প্রথমবার মিস করেছেন, এবার আর সুযোগ হাতছাড়া করবেন না। ফের অনলাইনে টিকিট কাটা যাচ্ছে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের
জমজমাট বিশ্বকাপের কাউন্টডাউন। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য দিকে দিকে যেমন ভ্যেনুগুলি সেজে উঠছে, ঠিক সেসময়েই ফের খুলে গেল অনলাইন টিকিট বিক্রির দরজা। প্রথম পর্বে টিকিট বিক্রির উইন্ডো খোলার কয়েক ঘন্টার মধ্যেই তা হাউসফুল হয়েছিল।

এবারও ভ্যেনুভিত্তিক টিকিট বিক্রি শুরু হয়েছে। কলকাতার যুবভারতীতে একসঙ্গে ১০ টি ম্যাচের জন্য টিকিট বুকিং করা যাচ্ছে। শুধু কলকাতাই নয়। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরাগান্ধী স্টেডিয়াম, কোচির জওহারলাল নেহেরু স্টেডিয়াম, নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম, নয়া দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেরও টিকিট বিক্রি চলছে।

৭ জুলাই অবধি চলবে প্রথম পর্বের টিকিট বিক্রি। এরপর দ্বিতীয় পর্বে ম্যাচ ভিত্তিক টিকিট পাওয়া যাবে। সেটা শুরু হবে ৭ জুলাইয়ের পর। যুবভারতীতে তিন রকম দামে চারটি ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছে । পুরো সিজনের জন্য টিকিট মূল্য ৪৮০ টাকা, ৯৬০ টাকা এবং ১৯২০ টাকা। ১৯২০ টাকার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ৪৮০ টাকার ক্যাটাগরিতে পূর্ব ও পশ্চিম গ্যালারিতে টিকিট মিলছে। ইস্ট লেভেলের দ্বিতীয় টিয়ারের টিকিট পাওয়া যাচ্ছে ৯৬০ টাকা দিয়ে। ওয়েস্ট লেভেলের দ্বিতীয় টিয়ারের ১৯২০ টাকার টিকিট ইতিমধ্যেই শেষ।
যুবভারতীতে ভারতের অবশ্য প্রাথমিক পর্বের কোনও খেলা নেই। গ্রুপ পর্বের ছটি ম্যাচ খেলা হবে সল্টলেক স্টেডিয়ামে। এছাড়াও থাকছে রাউন্ড ১৬-র একটি ম্যাচ, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য ধীরে ধীরে প্রস্তুত হয়ে উঠছে কলকাতা।












Click it and Unblock the Notifications