Sourav On Indian WC Squad: ভারতের বিশ্বকাপের দল হবে শক্তিশালী, কোন ১৫ জনকে দেখতে চান সৌরভ?
Sourav On Indian WC Squad: এশিয়া কাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে সোমবার। ৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপের প্রাথমিক দল। সেই দলে অবশ্য পরে রদবদলের সুযোগ থাকবে।
আজ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কথায় কথায় ভারতের বিশ্বকাপ দলে কাদের দেখতে চান, তা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ বলেন, ভারতীয় দলে সুযোগ পাওয়ার মতো প্রচুর ভালো ক্রিকেটার রয়েছেন। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও নির্বাচকরা তাঁদের মধ্যে থেকেই কোন জায়গার জন্য কোন ক্রিকেটার উপযুক্ত, তা বেছে নেবেন। ভারতীয় দলের শক্তি ও বৈচিত্র্য নিয়ে সংশয় না থাকলেও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সবার আগে জরুরি যে ভালো পারফর্ম করা, সেটা মনে করিয়ে দিয়েছেন সৌরভ।
সৌরভের বিচারে ঋষভ পন্থ দেশের সেরা উইকেটকিপার। তাঁর না থাকাটা দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতিতে ঈশান কিষাণের সঙ্গে লোকেশ রাহুল (ফিট থাকলে) উইকেটকিপারের জন্য দুটি জায়গা দখল করবেন বলে মত সৌরভের। ঈশান নির্ভীকভাবে ব্যাটিং করে পন্থের মতো ম্যাচের মোড় মুহূর্তে বদলে দিতে পারেন। সে কারণেই রাহুলের চেয়ে কিছুটা হলেও কিষাণকেই এগিয়ে রাখছেন সৌরভ।

শোয়েব আখতার একটি সংবাদমাধ্যমে বলেছেন, বিরাট কোহলির উচিত আসন্ন বিশ্বকাপের পর টি ২০ আন্তর্জাতিক থেকে সরে যাওয়ার। টেস্ট কেরিয়ারকে দীর্ঘায়িত করতে। সৌরভ অবশ্য সেই মত উড়িয়ে বলেছেন, বিরাট পারফর্ম করেন। ফলে নিজের খেলার বিষয়ে বিরাটই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার থাকায় ভারতের ব্যাটিং বিভাগ মজবুত।
এ ছাড়া রয়েছেন হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। বোলিং বিভাগে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহর সঙ্গে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালের নামও করেছেন সৌরভ। ফলে ভারতের বোলিং বিভাগ যথেষ্টই বৈচিত্র্যপূর্ণ। বোলিং আক্রমণ এতটাই শক্তিশালী যে, টেস্টে ৫০০ উইকেট পাওয়া অশ্বিনকেও বিশ্বকাপের দলে দেখছেন না সৌরভ।

অভিজ্ঞতা কম থাকলেও তিলক বর্মা ও যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের দলে রাখার পক্ষে সওয়াল সৌরভের। টপ অর্ডারে যশস্বীর নির্ভীক ব্যাটিং মন কেড়েছে ২০০৩ সালের বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়া অধিনায়ক সৌরভের। যশস্বী, কিষাণ ও তিলক তিনজনই বাঁহাতি। ফলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনেও ভারত সুবিধা পাবে বলেই মনে করছেন সৌরভ।
সৌরভের পছন্দের ১৫ সদস্যের ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা/যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications