দলীয় সংহতি অক্ষুন্ন রাখাই বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে বড় চ্যালেঞ্জ
২০১৫ সালের পর ওয়ান ডে ম্যাচ না খেলা দিমুথ করুণারত্নেকে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি।
২০১৫ সালের পর ওয়ান ডে ম্যাচ না খেলা দিমুথ করুণারত্নেকে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। বিশ্বকাপে দিমুথের অধীনে খেলবেন না বলে শ্রীলঙ্কার নির্বাচকদের সাফ জানিয়ে দেন দলের বেশ কয়েকজন সিনিয়ার ক্রিকেটার। বিশ্বকাপ শুরুর মুখে সিনিয়ার ও জুনিয়রদের মধ্যে স্পষ্ট ব্যবধান তৈরি হয় ড্রেসিং রুম। কোনোমতে পরিস্থিতি সামাল দিয়ে লাসিথ মালিঙ্গা, লাকমল, মেন্ডিজদের ইংল্যান্ডে পাঠায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের স্বার্থে দলের সিনিয়াদেরই মানিয়ে গুছিয়ে চলার পরামর্শ দেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটাররা।

২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকেই টেস্ট হারিয়ে শ্রীলঙ্কা ইতিহাস তৈরি করে যাঁর অধিনায়কত্বে সেই দিমুথ করুণারত্নে অসম্ভবকে সম্ভব করতে পারেন বলে বিশ্বাস করে সেদেশের ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথেউস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, লাসিথ মালিঙ্গাদের পাশাপাশি দলের তরুণ ব্রিগেডও এবার বিশ্বকাপে কামাল দেখাতে পারে বলে আশা শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থকদের। ১৯৯৬ সালের পুনরাবৃত্তি এবার হতেই পারে বলে তাঁদের বিশ্বাস।

প্রধান শক্তি এবং অস্ত্র
আইপিএলে দুরন্ত ফর্মে থাকা অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথেউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, কুশল মেন্ডিসরা শ্রীলঙ্কা দলের প্রধান অস্ত্র এবং শক্তি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অল-রাউন্ডার
অ্যাঞ্জেলো ম্যাথেউস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস সম্বলিত শ্রীলঙ্কার অভিজ্ঞ অল-রাউন্ডার বিভাগকে সমীহ করে ক্রিকেট বিশ্ব। তরুণ ইসুরু উড়ানা, ধনঞ্জয় ডি সিলভা, মিলিন্ডা শ্রীওয়ার্ধানা সিনিয়রদের যোগ্য সঙ্গত করবে বলেই আশা করা হচ্ছে।

ব্যাটসম্যান
অধিনায়ক দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, আভিষ্কা ফার্নান্দো, উইকেটরক্ষক কুশল পেরেরা, কুশল মেন্ডিসদের শ্রীলঙ্কা দলের ব্যাকবোন বলা হচ্ছে।

বোলার
লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপের পাশাপাশি তরুণ জেফ্রি ভান্ডেরসের দিকেও এবার ক্রিকেট বিশ্বের নজর থাকবে।

কোচ
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ছান্দিকা হাথুরুসিঙ্ঘার উপর যথেষ্ট আস্থা রয়েছে দেশের ক্রিকেট বোর্ডের।

প্রথম ম্যাচ
পয়লা জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথেউস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উড়ানা, ধনঞ্জয় ডি সিলভা, মিলিন্ডা শ্রীওয়ার্ধানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, জেফ্রি ভান্ডেরসে।












Click it and Unblock the Notifications