Women's T20 WC 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ল ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডোবাল ব্যাটিং
Women's T20 WC 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। আজ দুবাইয়ে নিউজিল্যান্ডের কাছে হরমনপ্রীত কৌরের দল হারল ৫৮ রানে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কিউয়িরা। ভারতের টার্গেট ছিল ১৬১ রানের। কিন্তু ১৯ ওভারে ১০২ রানেই গুটিয়ে গেল ভারত। রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ।

ম্যাচের শেষে হরমনপ্রীত বলেন, আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমরা প্রতিটি ম্যাচই যে গুরুত্বপূর্ণ, তা জানি। কিন্তু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। কোনও সন্দেহ নেই, নিউজিল্যান্ড আজ আমাদের চেয়ে ভালো খেলেছে।
ফিল্ডিংয়ের কিছু ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সেই সংক্রান্ত সমস্যা আগামী ম্যাচগুলিতে মেটানোর বিষয়ে প্রত্যয়ী ভারত অধিনায়ক। তিনি বলেন, আমরা ১৬০-১৭০ রান আগেও তাড়া করেছি অনেকবার। ফলে এমন রান যে উঠবে তা প্রত্যাশিতই ছিল। কেউ একজন শেষ অবধি থাকলেই হতো। কিন্তু ক্রমাগত আমরা উইকেট হারালাম।
ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দল। অস্ট্রেলিয়া গতবারের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশিবার খেতাবও জিতেছে। শ্রীলঙ্কা সম্প্রতি এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল ফাইনালে। এই পরিস্থিতিতে পাকিস্তানকে হারিয়েই ঘুরে দাঁড়াতে হবে ভারতকে। হরমনপ্রীতের কথায়, গ্রুপের কথা মাথায় রাখলে বলতে পারি আমাদের শুরুটা মোটেই প্রত্যাশিত হলো না। তবে এখান থেকেই সামনের দিকে তাকাতে হবে।
টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথমে ৪ উইকেটে ১৬০ রান তুলেছিল। ম্যাচের সেরা কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন সর্বাধিক ৫৭ রান করে অপরাজিত থাকেন। রেণুকা সিং দুটি এবং অরুন্ধতী রেড্ডি ও আশা সোভানা একটি করে উইকেট নেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ভারত ১৯ ওভারে ১০২ রানেই শেষ। হরমনপ্রীত কৌর ১৪ বলে সর্বাধিক ১৫ রান করেন। স্মৃতি মান্ধানা ১২, শেফালি ভার্মা ২, জেমাইমা রডরিগেজ ১৩, রিচা ঘোষ ১২, দীপ্তি শর্মা ১৩, অরুন্ধতী রেড্ডি ১, পূজা বস্ত্রকার ৮, শ্রেয়াঙ্কা পাতিল ৭ ও রেণুকা সিং ০ রানে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন আশা সোভানা।
রোজমেরি মায়ার ৪ ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট পেলেন। ৪ ওভারে ১৫ রান খরচ করে তিন উইকেট নেন লি তাহুহু। ইডেন কার্সন দুটি এবং অ্যামেলিয়া কের ১টি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications