Women's T20 WC 2024: ১৪ বছর পর মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড, বিদায় ওয়েস্ট ইন্ডিজের
Women's T20 WC 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। শারজায় দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে।
২০০৯ সালে লর্ডসে ইংল্যান্ড ও তার পরের বছর ব্রিজটাউনে কেনসিংটন ওভালে অস্ট্রেলিয়ার কাছে মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনালে হেরেছিল কিউয়িরা। ১৪ বছর পর ফের রবিবার তাদের সামনে খেতাব জয়ের সুযোগ।

নিউজিল্যান্ড মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রথম দুটি সংস্করণেই রানার-আপ হয়ে অভিযান শেষ করেছিল। ২০১২ ও ২০১৬ সালে গিয়েছিল সেমিফাইনাল অবধি। ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৫ সালে কিউয়িদের প্রমীলা বাহিনী মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
আজ টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সোফি ডিভাইনের দল ১২৮ রান তোলে। জর্জিয়া প্লিমার ৩৩, সুজি বেটস ২৬, ব্রুক হ্যালিডে ১৮, ডিভাইন ১২ রান করেন। ২০ রানে অপরাজিত থাকেন ইসাবেলা গেজ।
দিয়ান্দ্রা ডটিন ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। অ্যাফি ফ্লেচার ২টি এবং করিশ্মা রামহারাক ও আলিয়া অ্যালেইন একটি করে উইকেট নেন। ক্যাচ ধরতে গিয়ে বল মুখে লেগেছিল চিনেল হেনরির। তাঁর পরিবর্তে কনকাসন সাব হিসেবে ব্যাটিং করেন চেডিন নেশন।
হেইলি ম্যাথুজের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানের বেশি তুলতে পারেনি। ডটিন করেন সর্বাধিক ৩৩। ফ্লেচার ১৭ রানে অপরাজিত থাকেন। ইডেন কার্সন ৪ ওভারে ২৯ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। অ্যামেলিয়া কের ২টি এবং ফ্রান জোনাস, লি তাহুহু ও সুজি বেটস একটি করে উইকেট নেন।
ফাইনালে নামার আগে প্রোটিয়াদের সমীহ করছেন কিউয়ি অধিনায়ক ডিভাইন। বিশেষ করে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গতকাল যেভাবে তারা হারিয়েছে। ডিভাইন বলেন, দক্ষিণ আফ্রিকা যথেষ্টই ভালো দল। লরা উলভার্ট সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। মারিজান কাপের মতো প্লেয়ার রয়েছেন। অ্যানেক বশ দারুণ খেলেছেন। তবে আশা করি, ঈশ্বর আমাদের দিকেই থাকবেন ফাইনালে।












Click it and Unblock the Notifications