Women's T20 WC 2024: শ্রীলঙ্কার বিরুদ্ধে মধুর প্রতিশোধ, নজির গড়ে সেমির সম্ভাবনা জিইয়ে রাখল হরমনপ্রীতের ভারত
Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে দারুণভাবে ফিরে এলো ভারত। বুধবার দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ৮২ রানে।
মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। আজ এশিয়ার সেরাদের মাত্র ৯০ রানেই গুটিয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত।

২০১৪ সালে সিলেটে মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারতের প্রমীলা বাহিনী বাংলাদেশকে হারিয়েছিল ৭৯ রানে। বুধবার সেই নজির ভেঙে গেল। ফলে মহিলাদের টি২০ বিশ্বকাপে রানের নিরিখে সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই উজ্জ্বল করে ফেলল ভারত।
দুবাইয়ে টস জিতে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছিল ভারত। ওপেনিং জুটিতে ওঠে ৯৮ পান। ত্রয়োদশ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আউট হন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। স্মৃতি ৩৮ বলে ৫০ ও শেফালি ৪০ বলে ৪৩ করেন। স্মৃতি ও শেফালির জুটিতে এই নিয়ে ২০ বার ৫০ রানের বেশি উঠল। তাঁরা স্পর্শ করলেন অ্যালিসা হিলি ও বেথ মুনির জুটির নজির।
হরমনপ্রীত আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। জেমাইমা রডরিগেজ ১০ বলে ১৬ রান করেছেন। রিচা ঘোষ অপরাজিত থাকেন ৬ রানে। চামারি আতাপাত্তু ও আমা কাঞ্চনা একটি করে উইকেট পান।
জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৯০ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। কবিশা দিলহারি ২১, অনুষ্কা সঞ্জীবনী ২০ ও আমা কাঞ্চনা করেন ১৯। বাকিরা কেউ দুউ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অরুন্ধতী রেড্ডি ও আশা সোভানা দুজনেই ৪ ওভারে ১৯ রান করে দিয়েছেন, দুজনের ঝুলিতেই তিনটি করে উইকেট।
রেণুকা সিং ২টি, শ্রেয়াঙ্কা পাতিল ও দীপ্তি শর্মা একটি করে উইকেট দখল করেছেন। তিন ম্য়াচ খেলে ভারতের পয়েন্ট হলো চার। মাইনাসে থাকা নেট রান রেটের উন্নতি ঘটল, ভারতের নেট রান রেট এখন ০.৫৭৬। ভারত আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো।
নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেন হরমনপ্রীতরা। ভারতের শেষ ম্য়াচ গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অজিরা ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ২.৫২৪ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
পাকিস্তানের ২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট ০.৫৫৫। নিউজিল্যান্ডের সমসংখ্যক ম্যাচে সেই ২ পয়েন্টই রয়েছে। কিউয়িদের নেট রান রেট মাইনাস (-)০.০৫০। শ্রীলঙ্কা তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
দলের জয়ে স্বভাবতই খুশি হরমনপ্রীত। ভারত অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো খেলতে হবে। বোলাররা ছন্দ ফিরে পেয়েছেন। প্রয়োজনীয় সময়ে উইকেটও তুলে নিতে পারছেন, যা গুরুত্বপূর্ণ। পরিকল্পনামাফিক খেলেই জয় সম্ভব হয়েছে। ফিল্ডিং, বিশেষ করে ক্যাচিং নিয়েও সন্তুষ্ট হরমনপ্রীত। উইকেট সহজ ছিল না। হরমনপ্রীত ম্যাচের পর শেফালি ও স্মৃতির প্রশংসাও করেছেন।












Click it and Unblock the Notifications