Women's T20 WC 2024: টি২০ বিশ্বকাপে হরমনপ্রীতের ভারতকে পরামর্শ হরভজনের, কোন দুই দলকে নিয়ে সতর্কতা জরুরি?
Women's T20 WC 2024: আজ থেকে শুরু মহিলাদের টি২০ বিশ্বকাপ। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত অভিযান শুরু করবে আগামীকাল। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে ভারত।
বিশ্বকাপ শুরুর আগে হরমনপ্রীতদের মূল্যবান পরামর্শ দিলেন হরভজন সিং। ভারতীয় দলকে কোন দুই দল শক্ত চ্যালেঞ্জ ছুড়তে পারে সেটাও উল্লেখ করলেন ভাজ্জি।

গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড। হরভজন স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় খুব সতর্ক থাকতে হবে। আমার মতে, অন্যগুলির তুলনায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটিই কিছুটা টাফ।
সবচেয়ে বেশিবার খেতাবজয়ী তথা গতবারেরও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হরভজন বলেন, খেলা দুবাইয়ে হচ্ছে। ফলে উপমহাদেশের পিচে হোম কন্ডিশনের মতো পরিস্থিতি পাবে না অস্ট্রেলিয়া। তবুও অস্ট্রেলিয়া খুব ভালো দল। যেখানেই খেলা হোক, তাদের হারানোটা কঠিন। উল্লেখ্য, ৩২টি পারস্পরিক টি২০ আন্তর্জাতিক দ্বৈরথে ভারতের মহিলা দলকে ২৩ বারই হারিয়েছে অজিদের প্রমীলা বাহিনী।
চামারি আতাপাত্তু, হর্ষিতা সমরবিক্রমাদের নিয়ে গড়া শ্রীলঙ্কাকেও ভারতের অন্যতম কঠিন প্রতিপক্ষ বলে মনে করছেব হরভজন। সম্প্রতি ভারতকে এশিয়া কাপের ফাইনালেও হারিয়েছে শ্রীলঙ্কা। হরভজনের কথায়, ওই সাফল্যের কারণে ভারতের বিরুদ্ধে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে অস্ট্রেলিয়া। ফলে ওই দ্বৈরথটিও ভালো হবে।
যদিও এবার ভারত প্রথমবার টি২০ বিশ্বকাপ খেতাব জিততে পারে বলে আশাবাদী হরভজন। তিনি বলেন, ভারতকে হারানোও সহজ হবে না। ভারতীয় দলে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার ভালো মিশেল রয়েছে। হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা ভালো ফর্মে রয়েছেন। দীপ্তি শর্মা অবিশ্বাস্য স্পিনার। ভারত খেতাব জেতার যোগ্য দাবিদার, ভালো খেলছে। সলিড দল। ফলে ভালো ক্রিকেট খেললে ভারত এবার বিশ্বকাপ জিততেই পারে।
তবে খেতাবের কথা না ভেবে ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়ার পরামর্শই হরভজন দিচ্ছেন হরমনপ্রীতদের। তিনি বলেন, সেরাটা দিতে হবে। চাপে পড়া চলবে না। নিজেদের শক্তি বুঝে দলগতভাবে প্রয়াস চালালেই ফল পক্ষে আসবে। প্রসেসে ফোকাস রেখে ছোট ছোট পদক্ষেপ ফেলতে হবে। আগে থেকেই বড় কিছু ভাবার দরকার নেই। এমনটা করলে ভারত সাফল্য পাবে বলেই আত্মবিশ্বাসী হরভজন।












Click it and Unblock the Notifications