Women's T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে চূর্ণ নিউজিল্যান্ড, ভারত কতটা স্বস্তি পেল?
Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় জমিয়ে দিল অস্ট্রেলিয়া। শারজায় গতবারের চ্যাম্পিয়নরা চূর্ণ করল নিউজিল্যান্ডকে।
মঙ্গলবার এই জয়ের ফলে অস্ট্রেলিয়া সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল। পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে অজিরা। নিউজিল্যান্ড নেমে গেল তিন নম্বরে।

টস জিতে ব্যাট করতে নেমে অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া তোলে ৮ উইকেটে ১৪৮ রান। বেথ মুনি ৪০, এলিস পেরি ৩০, অ্যালিসা হিলি ২৬ ও ফোবি লিচফিল্ড করেন ১৮ রান। ১৪ ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ১০৯ রানের মাথায় দুটি উইকেট পড়েছিল। সেখান থেকে অজিরা পৌঁছয় ১৩৮-এ। অ্যামেলিয়া কের চার উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। অ্যামেলিয়া কের ২৯, সুজি বেটস ২০ ও লি তাহুহু ১১ রান করেন, বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের স্কোর নিয়ে যেতে পারেননি। মেগান শুট ১টি মেডেন-সহ ৩.২ ওভারে ৩ রান দিয়ে তিন উইকেট নেন। অ্যানাবেল সাদারল্যান্ড তিনটি, সোফি মলিনিউক্স ২টি এবং জর্জিয়া ওয়ারহ্যাম ও তাহলিয়া ম্যাকগ্রা ১টি করে উইকেট নেন।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অজিরা গ্রুপ এ-র ১ নম্বর স্থানে। ৬০ রানে জেতার ফলে নেট রান রেট পৌঁছে গেল ২.৫২৪-এ। নিউজিল্যান্ডের ২ ম্যাচে ২ পয়েন্ট, কিউয়িদের নেট রান রেট মাইনাস (-) ০.৫০। পাকিস্তান উঠে এলে দুইয়ে। তাদেরও ২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট ০.৫৫৫। ভারত রয়েছে চারে, নেট রান রেট মাইনাস (-) ১.২১৭।
ভারতের যা পরিস্থিতি তাতে বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়ে নেট রান রেটকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। হরমনপ্রীত কৌররা ৫৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিলেন। ফলে পাকিস্তানকে হারিয়েও নেট রান রেট পজিটিভে নিয়ে যেতে পারেনি ভারত। নিউজিল্যান্ড বড় ব্যবধানে হারায় ভারতের কিছুটা সুবিধাই হলো।
বুধবার শ্রীলঙ্কা ও রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচ রয়েছে ভারতের। নিউজিল্যান্ডের খেলা বাকি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কা ২টি ম্যাচ খেলে এখনও অবধি জয়ের মুখ দেখেনি। পাকিস্তানের খেলা বাকি রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হতে পারে।
ভারতের সমীকরণ সহজ হয়ে যাবে যদি বাকি দুটি ম্যাচে জয় আসে। সেই সঙ্গে নিউজিল্যান্ডকে যদি পাকিস্তান হারিয়ে দেয় এবং পাকিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়ে দেয় তাহলে শেষ চারের টিকিট নিশ্চিত হতে পারে। ভারত বাকি দুটি ম্যাচ জিতলে যাবে ৬ পয়েন্টে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে একটি দলই ছয় পয়েন্টে যেতে পারবে। এমনকী চার পয়েন্ট নিয়েও কোনও দলের শেষ চার নিশ্চিত হতে পারে। এগুলির ক্ষেত্রে নেট রান রেট ঠিক করে দেবে সেমিফাইনালিস্ট।












Click it and Unblock the Notifications