WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগের মিনি নিলাম বেঙ্গালুরুতে, তারকাদের ভাগ্য পরীক্ষা
WPL 2025: আইপিএলের মেগা নিলাম শেষ। এবার কাউন্টডাউন শুরু মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের। তবে এটি বিদেশের মাটিতে হবে না।
উইমেন্স প্রিমিয়ার লিগের মিনি অকশন অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। বেঙ্গালুরুতে। দল গঠনে প্রতিটি দল খরচ করতে পারবে ১৫ কোটি টাকা করে। যা আগের তুলনায় দেড় কোটি টাকা বেশি।

মিনি অকশনের বিডিংয়ে যে আন্তর্জাতিক ক্রিকেটারদের নাম থাকছে তাঁরা হলেন ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাটইট, নিউজিল্যান্ডের জোরে বোলার লি তাহুহ, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়ান্দ্রা ডটিন। ভারতীয়দের মধ্যে ভাগ্য পরীক্ষা অলরাউন্ডার স্নেহ রানা, লেগ-স্পিনার পুণম যাদব, ব্যাটার বেদা কৃষ্ণমূর্তিদের।
ইতিমধ্যেই ডব্লিউপিএলের পাঁচটি দল রিটেনশন তালিকা প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, ২০২৩ ও ২০২৪ সালে রানার-আপ মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে সবচেয়ে কম, আড়াই কোটি টাকা পড়ে রয়েছে। ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আগামী ২ মরশুম এই দলের মাথায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম দুটি সংস্করণেই শেষ স্থানে শেষ করেছিল গুজরাত জায়ান্টস। মিনি নিলামে তারা যাচ্ছে সবচেয়ে বেশি, ৪.৪ কোটি টাকা নিয়ে। ইতিমধ্যেই তারা ৭ জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। দল সাজাতে চলেছে নতুনভাবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ। এই দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। দলে রয়েছেন নিউজিল্যান্ডের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সোফি ডিভাইন। আরসিবিও ৭ জনকে ছেড়ে দিয়েছে। আরসিবির হাতে রয়েছে ৩.২৫ কোটি টাকা। উল্লেখ্য, হিদার নাইট আরসিবির হয়ে চলতি বছর খেলতে পারেননি, চোট থাকায় সরে দাঁড়িয়েছিলেন।
নভেম্বরে যে ট্রেডিং উইন্ডো খোলা হয়েছিল তাতে একমাত্র ড্যানি ওয়াট-হজকে ইউপি ওয়ারিয়রজকে থেকে নিয়েছিল আরসিবি। সর্বশেষ ডব্লিউপিএলে অবশ্য একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি এই ক্রিকেটার। ইউপি ওয়ারিয়রজ ছিল চতুর্থ স্থানে। আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে চলতি বছর। টুর্নামেন্টের প্রথম সংস্করণে খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স। দুবারই ফাইনালে হারে দিল্লি।
ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই তিন সপ্তাহের উইন্ডো রয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগের। ১৪ মার্চ থেকে আইপিএল শুরু। ফলে তার আগেই শেষ হবে মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম সংস্করণের খেলা হয়েছিল শুধু মুম্বইয়ে। চলতি বছর হয় বেঙ্গালুরু ও দিল্লিতে। এবার কোথায় কবে কোন খেলা হবে তা চূড়ান্ত হয়নি। দলগুলি চাইছে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলতে। মহিলাদের ফিউচার ট্যুরস অনুযায়ী, ২০২৬ সাল থেকে এই টুর্নামেন্ট হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে।












Click it and Unblock the Notifications