Women Umpires: চার প্রাক্তন ক্রিকেটার নাম তুললেন বিসিসিআইয়ের মহিলা আম্পায়ারদের প্যানেলে, রয়েছেন দুই বোন
Women Umpires: ভারতের মহিলা ক্রিকেটের উত্তরণ ঘটছে সময়ের সঙ্গে। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দল এখন বিশ্বের মহিলা ক্রিকেটে অন্যতম শক্তিধর হয়ে উঠেছে। মহিলা আম্পায়ারিংয়ের ক্ষেত্রেও এবার আসছে বিপ্লব।
বিসিসিআইয়ের মহিলা আম্পায়ারদের প্যানেলে নাম তুললেন চার প্রাক্তন ক্রিকেটার। যাঁদের মধ্যে রয়েছেন ইন্দোরের দুই বোন। প্রাক্তন ক্রিকেটারদের আম্পায়ার হওয়ার সুযোগ করে দিতে বিসিসিআই গত জুনের ১০ থেকে ১৩ তারিখ পরীক্ষা নিয়েছিল।

এই পরীক্ষার ফল বেরিয়েছে গতকাল। উত্তীর্ণ হতে ১৫০-র মধ্যে ১২০ পেতেই হতো পরীক্ষার্থীদের। এই পরীক্ষায় চমক দিয়েছেন ইন্দোরের দুই বোন নিধি ও রীতিকা বুলে। ২০০৬ সালে নিধি মিতালি রাজের ভারতের হয়ে ১টি করে টেস্ট ও ওডিআই খেলেছেন। ছোট বোন রীতিকা মধ্যপ্রদেশের হয়ে ৩১টি ম্যাচ খেলেছেন। নিধি বিসিসিআইয়ের পরীক্ষায় ১৩৩.৫ ও রীতিকা ১৩৩ পেয়েছেন।
এই দুই বোনের আম্পায়ার হওয়ার প্রেরণা ইন্দোরেরই প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে আইসিসির এলিট প্যানেলে থাকা আম্পায়ার নীতীন মেনন। নিধির কথায়, আমার লর্ডসে খেলার স্বপ্নপূরণ হয়নি। ২০০৬ সাল ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকলেও একাদশে ঠাঁই হয়নি। ফলে লর্ডসে কোনওদিন আম্পায়ারিং করতে পারলে আমার স্বপ্ন সত্যি হবে, মন্তব্য বছর ৩৬-এর নিধির।

ভি কৃতিকা ও অঙ্কিতা গুহকে ধরলে বিসিসিআইয়ের এমপ্যানেলড মহিলা আম্পায়ারের সংখ্যা বেড়ে হলো সাত। অঙ্কিতা প্রাক্তন লেগ স্পিনার। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তিনিই এখন বিসিসিআইয়ের আম্পায়ারিংয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রথম মহিলা আম্পায়ার। ভারতীয় বায়ুসেনায় কর্মরত অঙ্কিতা চোটের কারণে ২০১৮ সালে খেলা ছেড়ে দেন।
ম্যাচ রেফারি হওয়ার লক্ষ্যে আম্পায়ারিংয়ের পরীক্ষায় বসেন। ভিসিএ স্টেট প্যানেল পরীক্ষায় উত্তীর্ণ হন গত বছর। এরপর বিসিসিআইয়ের পরীক্ষায় বসেন। প্রথমবারেই চার ধাপের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। প্লেয়ার হওয়ার সুবাদে লেভেল-২ পরীক্ষায় বসার সরাসরি সুযোগ পেয়েছিলেন। বিসিসিআইয়ের আম্পায়ারিংয়ের পরীক্ষায় ১৪৭ পেয়ে উত্তীর্ণ হন মুম্বইয়ের নিখিল পাতিল।












Click it and Unblock the Notifications