মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : রাধার দাপটে সুপারনোভাসের বিরুদ্ধে ১১৮ রানে শেষ ট্রেইলব্লেজার্স
মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ : রাধার দাপটে সুপারনোভাসের বিরুদ্ধে ১১৮ রানে শেষ ট্রেইলব্লেজার্স
মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০-এর ফাইনালে শুরুটা ভাল করেও রাধা যাদবের অনবদ্য ইনিংসে সুপারনোভাসের বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানে আটকে গেল ট্রেইলব্লেজার্স। অধিনায়ক স্মৃতি মান্ধানা ছাড়া জ্বলে উঠতে পারলেন না দলের আরও কোনও ব্যাটসম্যান। অন্যদিকে প্রথম মহিলা হিসেবে টুর্নামেন্টে পাঁচ উইকেট নিলেন সুপারনোভাসের রাধা।

মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০-এর ফাইনালে ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সুপারনোভাস। শারজার ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অধিনায়ক হরমনপ্রীত কৌর। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বল গ্রিপ করতে সমস্যা হবে বলে মনে করেছিলেন কৌর।
যদিও শুরুতে নেতা কৌরের সিদ্ধান্তকে সেভাবে সম্মান জানাতে পারেননি সুপারনোভাসের বোলাররা। গত দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারা ট্রেইলব্লেজার্সের অধিনায়ক স্মৃতি মান্ধানা আজ দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৯ বলে ৬৮ রানের দাপুটে ইনিংস খেলেন বাঁ-হাতি। পাঁচটি চার ও তিনটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। ওপেনিং জুটিতে ৭১ রানে উঠলেও স্মৃতি মান্ধানার পার্টনার দীনেন্দ্র ডোটিন পরিচিত মেজাজে ব্যাট করতে পারেননি। ৩২ বলে মাত্র ২০ রানে সাজঘরে ফিরে যান তিনি।
প্রথম দশ ওভারে ট্রেইলব্লেজার্সের দাপট থাকলেও, অবশিষ্ট সময়ে আঁটোসাটো বোলিং করে প্রতিপক্ষ শিবিরকে বেঁধে ফেলেন সুপারনোভাসের বোলাররা। ১৬ বলে ১০ রান করে আউট হন রিচা ঘোষ। ১০ বলে ৯ রান করে আউট হন দীপ্তি শর্মা। সুপারনোভাসের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন রাধা যাদব। একটি করে উইকেট নেন পুনম যাদব ও শশীকলা সিরিবর্ধনে। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন অনুজা পাতিল।












Click it and Unblock the Notifications