পন্থ-শার্দুলের নাছোড় শতরান পার্টনারশিপে ওভালে ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত
ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরের নাছোড় শতরান পার্টনারশিপে ওভালে তিনশো পার করল ভারতের লিড
উইকেটরক্ষক ঋষভ পন্থ ও ফাস্ট বোলার শার্দুল ঠাকুরের শতরান পার্টনারশিপ ভারতকে অক্সিজেন জোগাল। ওভালে চলতে থাকা চতুর্থ দিনে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও অজিঙ্ক রাহানেকে মধ্যাহ্নভোজের বিরতির আগে হারিয়েও সফরকারী দলের রানের লিড সাড়ে তিনশোও টপকে যায়। ম্যাচের তৃতীয় ইনিংসে ৪৬৬ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে চতুর্থ ইনিংসে ৩৬৮ রান করতে হবে ইংল্যান্ডকে।

শেষ বেলায় ব্যাট চালিয়ে কামাল করেন উমেশ যাদবও। একটি চার ও দুটি ছক্কা সহযোগে ২৩ বলে ২৫ রান রান করেন ভারতীয় ফাস্ট বোলার। ৩৮ বলে ২৪ রান করেন জসপ্রীত বুমরাহ। চারটি চার এসেছে তাঁর ব্যাট থেকে। ৭২ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন শার্দুল ঠাকুর। সাতটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ম্যাচের দুই ইনিংসে অর্ধশতরান করে বিশ্ব ক্রিকেটের এক এলিট ক্লাবে প্রবেশ করেছেন মুম্বইকর। আট নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসে অর্ধশতরান করার বিরল নজির গড়েছেন ঠাকুর। ১০৬ বলে ৫০ রান করা ঋষভ পন্থ চারটি চার মেরেছেন।
রোহিত শর্মা (১২৭ রান) ও চেতেশ্বর পূজারার (৬১) অনবদ্য পার্টনারশিপ ওভাল টেস্টের তৃতীয় ইনিংসে ভারতীয় দলকে সুবিধাজনক জায়গায় দাঁড় করায়। দলের রানের লিডকে তিনশোর দিকে টেনে নিয়ে যেতে চতুর্থ দিনে ব্যাটিং করতে নামেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। দুই ক্রিকেটারের মধ্যে ৫৯ রানের পার্টনারশিপ হয়। ৫৯ বলে ১৭ রান করে ক্রিস ওকসের শিকার হন জাড্ডু। একই বোলারের বিরুদ্ধে একবার ডিআরএস কল জিতেও লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরে অফ ফর্মের পরম্পরা বজায় রাখলেন অজিঙ্ক রাহানে (০)।
ছয় উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। যিনি ম্যাচের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমেও ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। তারই রেশ দলের দ্বিতীয় ইনিংসেও জারি রাখলেন ভারতীয় ফাস্ট বোলার। সপ্তম উইকেটে ঋষভ পন্থের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে মজবুত জায়গায় দাঁড় করান মুম্বইকর। শেষ বেলায় ঝড়ো ব্যাটিং করে ভারতের লিড উত্তম স্থানে নিয়ে যান উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহ। এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ক্রিস ওকস। ২টি করে উইকেট নিয়েছেন অলি রবিনসন ও মইন আলি। একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও জো রুট।












Click it and Unblock the Notifications