BCCI: জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলে বোর্ডের নতুন সচিব হবেন কে? রইল সম্ভাব্য তালিকা
বিসিসিআইয়ের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পদে বসবেন জয় শাহ? গত কয়েকদিন ধরেই এই জল্পনা চলছে ক্রিকেট মহলে। গ্রেগ বার্কলে তৃতীয়বারের জন্য পদে থাকবেন না। ফলে নতুন চেয়ারম্যান পেতে চলেছে আইসিসি। এই পদের জন্য প্রবলভাবেই নাম ভাসছে অমিত শাহ পুত্র জয়ের। কিন্তু জয় আইসিসিতে চলে গেলে কে হবেন বোর্ডের নয়া সচিব?
লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসের পর বাধ্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে জয় শাহকে। তাই বোর্ডের পদ আগেই ছেড়ে দিয়ে তিনি আইসিসি-র চেয়ারম্যান হতে পারেন বলে জানা গিয়েছে। কিন্তু এক বছরের জন্য বোর্ড সচিবের পদে কে বসবেন? এটা নিয়ে চলছে জল্পনা। সংবাদ সংস্থা পিটিআই সম্ভাব্য কয়েকজনের নাম তুলে ধরেছেন।

রাজীব শুক্লার মতোই সচিব পদে আসার সম্ভবনা আছে আশিস শেলারের। মহারাষ্ট্র বিজেপির হেভিওয়েট মুখ শেলার, যিনি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ এবং এমসিএ প্রশাসনে বড় নাম। ফলে জয় শাহের উত্তরসূরি হিসেবে মহারাষ্ট্রের ক্রিকেট প্রশাসককে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে তাঁকে রাজনীতির থেকে বোর্ডে বেশি সময় দিতে হবে।
অরুণ ধুমালও আছেন এই তালিকায়। বোর্ড পরিচালনার জন্য আইপিএল চেয়ারম্যানের প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন কোষাধ্যক্ষ ছিলেন এবং আইপিএল গর্ভনিং কাউন্সিলের প্রধান।
২০২০ সালের নভেম্বরে বার্কলে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য আইসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম মতো তাঁর সামনে সুযোগ ছিল তৃতীয়বার আইসিসি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে সেই পথে হাঁটছেন না গ্রেগ।
আইসিসি জানিয়েছে, বর্তমানে আইসিসির ডিরেক্টরদের আইসিসি চেয়ার পদের জন্য মনোনয়ন পাঠাতে হবে আগামী ২৭ অগাস্টের মধ্যে। যদি একজনের বেশি পদপ্রার্থী থাকেন তবেই হবে নির্বাচন। আইসিসির পরবর্তী চেয়ারম্যান বা চেয়ারপার্সনের কার্যকালের মেয়াদ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম প্রভাবশালী জয় শাহ। তাঁর পক্ষে সমর্থন রয়েছে একাধিক দেশের। তিনি আইসিসি চেয়ারম্যান পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বিপক্ষ হয়তো কেউ না-ও দাঁড়াতে পারেন।
আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার জন্য এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেই চলে। অর্থাৎ, ১৬টি ভোটের মধ্যে ৯টি ভোট পেলেই চেয়ারম্যান নিযুক্ত হওয়া যায়। আগে আইসিসি প্রধান নির্বাচিত হওয়ার জন্য দুই তৃতীয়াংশের সমর্থন লাগত।












Click it and Unblock the Notifications