শামির পরিবর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিরাজ ও সাইনি, পাল্লা ভারী কোন বোলারের?
শামির পরিবর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিরাজ ও সাইনি, পাল্লা ভারী কোন বোলারের?
অ্যাডিলেড টেস্টের শোচনীয় হারের ঘা না শুকোতই ভারতের দরজায় আবারও কড়া নাড়ছে অস্ট্রেলিয়া। আগামী ২৬ ডিসেম্বর দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে। যে ম্যাচে খেলছেন না টিম ইন্ডিয়ার অন্যতম স্ট্রাইক বোলার মহম্মদ শামি। হাতে চোট লাগার কারণে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন বাংলার তারকা। শামির পরিবর্ত হিসেবে মেলবোর্ন টেস্টে খেলার সুযোগ পাওয়ার লড়াইয়ে রয়েছেন মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনি। এগিয়ে কে, তা চট করে দেখে নেওয়া যাক।

মহম্মদ সিরাজের প্রথম শ্রেণির কেরিয়ার
প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৬৭টি ইনিংসে বল করেছেন মহম্মদ সিরাজ। ১৫২টি উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯ রান দিয়ে নেওয়া ৮ উইকেট সিরাজের সেরা বোলিং।

নভদীপ সাইনির প্রথম শ্রেণির কেরিয়ার
প্রথম শ্রেণির রেকর্ড মহম্মদ সিরাজের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন নভদীপ সাইনি। এই পর্যায়ে ৭৯টি ইনিংসে তিনি বল করেছেন। ১২৮টি উইকেট নিয়েছেন সাইনি। ৩২ রান দিয়ে নেওয়া ৬ উইকেট তাঁর সেরা বোলিং পারফরম্যান্স।

কার পাল্লা ভারী
দ্বিতীয় টেস্টে মহম্মদ শামির পরিবর্ত হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা করে নিতে মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনির লড়াই উপভোগ করছেন ক্রিকেট প্রেমীরা। তবে যুদ্ধে যে সিরাজের পাল্লা যে কিছুটা হলেও ভারী, তাও শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। ৩ উইকেট নিয়েছিলেন নভদীপ সাইনি।

শামির চোট গুরুতর
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সের বাউন্সার মহম্মদ শামির হাতে আঘাত করে। যন্ত্রণার কাতর হয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলার ফাস্ট বোলারকে। চোট এতটাই গুরুতর যে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শামি।












Click it and Unblock the Notifications