ওল্ড ট্রাফোর্ডে সিরিজ নির্ণায়ক ভারত-ইংল্যান্ড টেস্ট বৃষ্টিতে ভেস্তে যাবে না তো, কেমন হবে পিচ
ওল্ড ট্রাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলা পঞ্চম টেস্টের আবহাওয়া ও পিচ রিপোর্ট।
৫০ বছর পর ওভাল টেস্ট জিতে ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েও গিয়েছেন বিরাট কোহলিরা। এই অবস্থায় শুক্রবার থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট জিততে পারলে বা ড্র হলে ১৪ বছর পর ইংল্যান্ডে সিরিজে কব্জা করতে সক্ষম হবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ম্যাঞ্চেস্টারের ম্যাচ জিততে পারলে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে লজ্জা আটকাতে পারবেন জো রুটরা। এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে আবহাওয়া কেমন থাকবে, পিচ কেমন হবে, তা জেনে নেওয়া যাক।

কী বলছে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া
লন্ডনের ওভালে রৌদ্রজ্জ্বল পরিবেশেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ খেলা হয়। তবে একই রকম আবহাওয়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্টে থাকবে না বলেই জানানো হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্টের প্রথম দুই দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। ম্যাচের পঞ্চম দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ম্যাঞ্চেস্টারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও ঝড় হবে বলে জানানো হয়েছে। তবে টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন ওল্ড ট্রাফোর্ড রৌদ্রজ্জ্বল থাকবে বলেই জানানো হয়েছে।

কেমন হবে পিচ
ওল্ড ট্রাফোর্ডের পিচ ইংল্যান্ডের অন্যতম গতিশীল বাইশ গজের মধ্যে একটি। ফলে বোঝাই যাচ্ছে ম্যাচের প্রথম দুই দিন এই পিচে সুবিধা পেতে পারেন পেস বোলাররা। এ পিচে পুরনো বলেও রিভার্স ভাল হওয়ার কথা। একাধারে ওল্ড ট্রাফোর্ডের বাইশ গজ ব্যাটিং সহায়কও বটে। পিচে শুরুর দিকের জড়তা কাটিয়ে ব্যাটসম্যানরা যদি সেট হয়ে যেতে পারেন, তবে তাঁদের আউট করা মুশকিল হয়ে যেতে পারে। ম্যাচের চতুর্থ এবং পঞ্চম দিনে ওল্ড ট্রাফোর্ডের পিচ থেকে সুবিধা পেতে পারেন স্পিনাররা।

ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি দুই দল
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এখনও পর্যন্ত নিজেদের মধ্যে ৯টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। চারটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। এ মাঠে একটিও টেস্ট জিততে পারেনি ভারত। দুই দলের মধ্যে পাঁচটি টেস্ট ড্র হয়েছে। ২০১৪ সালে ওল্ড ট্রাফোর্ডে শেষবার টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এক ইনিংস ও ৫৪ রানে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছিল। তবে এবার ওল্ড ট্রাফোর্ডে অন্য রকম ফলাফল আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দল যে ছন্দে রয়েছে, তাতে সিরিজ ৩-১ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

ভারতের পাল্লা ভারী
৫০ বছর পর ওভালে টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডকে তাদেরই মাটিতে ২-১ ফলাফলে পিছিয়ে দিয়েছন বিরাট কোহলিরা। এই অবস্থায় পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়েই যে টিম ইন্ডিয়া ওল্ড ট্রাফোর্ডে নামতে চলেছে, তা নিশ্চিত। তবে সিরিজ ড্র করতে ইংল্যান্ড যে এই টেস্টে মরিয়া কামড় দেবে, তা ধরেই নেওয়া যায়। ভারতের পাল্লা ভারী হলেও ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications