Syed Kirmani: অবসর নিয়ে রোহিত-বিরাটকে চাপ দেওয়ার বিরোধী কিরমানি, মোহনবাগানে এসে আবেগপ্রবণ বিশ্বকাপজয়ী
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর নিয়ে চলছে জোর চর্চা। খারাপ ফর্মের জন্য তাদের অবসর নেওয়া উচিৎ বলেও দাবি উঠেছে। এই নিয়ে নানা মুণির নানা মত। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সৈয়দ কিরমানি।
বুধবার বিকেলে মোহনবাগান ক্লাবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিরমানি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না এই দুই জন দেশের জন্য এরআগে কী ধরনের পারফরম্যান্স করেছেন। বিরাট,রোহিতের এখনও অনেক কিছু দেওয়ার আছে। ভালো সময় খারাপ সময় সবার জীবনে আসে। ওরা তরুণ ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা। তাই ওদের অবসর নেওয়ার জন্য বাধ্য করবেন না। দুই ক্রিকেটার কবে অবসর নেবেন তা সম্পূর্ণ ভাবে ওদের সিদ্ধান্ত। সেটা নিয়ে বাইরের লোকজনের মন্তব্য না করাই ভালো।

পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের নিয়োগ নিয়েও অনেক প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার বলেছেন, একজন অধিনায়ককে নিয়োগ করা বা বেছে নেওয়ার সময় যেমন সবার পরামর্শ নেওয়া হয়। তেমনই কোচ নিয়োগের ক্ষেত্রেও দলের ক্রিকেটারদের সবার মতামত নেওয়া প্রয়োজন।
শীতে শহরে কলকাতায় অতিথি সৈয়দ কিরমানি। চুনি গোস্বামীর জন্মদিনকে এবার থেকে ক্রিকেট ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ক্লাব। তার সূচনা হল কিরমানির হাত ধরেই। সেই উপলক্ষ্যে মোহনবাগান ক্লাবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।
প্রথমে ক্লাবে এসেই চলে যান নব নির্মিত ক্রিকেট ট্রেনিং সেন্টারে, সেই ক্রিকেট সেন্টারের উদ্বোধন করেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। এরপর মূল অনুষ্ঠানে অংশ নেন সেখানে তিনি মোহনবাগান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদেরও মূল্যবান পরামর্শ দেন।
কিরমানি বলেন, যে কোন কাজ করার ক্ষেত্রে সৎ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে অনেক জুনিয়র ক্রিকেটার রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সততার সঙ্গে কঠিন পরিশ্রম করো। কারণ যে কাজটা করছ সেই কাজে সততাটা না থাকলে সাফল্য পাবে না।
একই সঙ্গে চুনি গোস্বামীকে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন কিরমানি। তিনি বলেন উনি আমার খুব ভালো বন্ধু ছিলেন তিনি ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, চুনী গোস্বামীর অবদান কথায় ব্যাখ্যা করা যাবে না। মোহনবাগানের হয়ে ফুটবল, ক্রিকেট খেলেছেন। তাঁর জন্মবার্ষিকীতে মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
একই সঙ্গে মোহনবাগান ক্লাব এর পক্ষ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তিনি বলেছেন দেশের ঐতিহ্যশালী ক্লাব হল মোহনবাগান সেই ক্লাবের কাছ থেকে এমন সম্মান পাওয়াটা আমার জীবনের খুব বড় একটা বিষয়।












Click it and Unblock the Notifications