IPL 2021: চেন্নাই-দিল্লি ম্যাচ দিশা দেখাতে পারে এক নম্বর দলের, প্লে অফে কে কোথায় কীভাবে থাকতে পারে?
আইপিএলের গ্রুপ পর্যায়ে আর ম্যাচ বাকি সাতটি। শেষ চারে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছাতে লড়াইয়ে চারটি দল। সুবিধাজনক জায়গায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব সুপার কিংসের আশা কার্যত শেষ হলেও জটিল অঙ্কে লোকেশ রাহুলদের ভাগ্য ঝুলছে সরু সুতোর উপরে। শেষ ল্যাপে ওঠার লড়াইয়ে জোর টক্কর হবে কেকেআরের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের। আবার প্রথম দুটি স্থানে জায়গা করতে মরিয়া বিরাটের আরসিবিও। একনজরে দেখে নেওয়া যাক কোন দল এখনও অবধি কী পরিস্থিতিতে রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে হারানোয় ১৩ ম্যাচে রয়েছে ১২ পয়েন্ট। নেট রান রেট ০.২৯৪। ম্যাচ বাকি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। চতুর্থ দল হিসেবে প্লে অফে যেতে সবচেয়ে সুবিধাজনক জায়গায় ইয়ন মর্গ্যানের দল। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে হারালেই মিলতে পারে চতুর্থ দল হিসেবে প্লে অফে যাওয়ার ছাড়পত্র। কিন্তু রাজস্থানের কাছে হেরে গেলে? সেক্ষেত্রে কেকেআর চাইবে যাতে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস যেন কোনওভাবেই ১২ পয়েন্ট পেরোতে না পারে। মুম্বই যদি রাজস্থানকে হারায় এবং শেষ ম্যাচে সানরাইজার্সের কাছে হেরে যায় তাহলে ভালো নেট রান রেটের সুবাদে কেকেআর চলে যাবে প্লে অফে।

রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস ১২ ম্যাচে এখনও অবধি ১০ পয়েন্ট পেয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৩৩৭। রাজস্থানের খেলা বাকি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। শেষ দুটি ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। তাহলে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে এমনিতেই শেষ চারে চলে যাবে রাজস্থান রয়্যালস। যদি দেখা যায় কলকাতা, মুম্বই ও রাজস্থান তিন দলই ১২ পয়েন্টেই দাঁড়িয়ে রইল তখন নেট রান রেট যার ভালো থাকবে সেই দলই প্লে অফে যাবে। সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসের আশা সবচেয়ে কম। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে যদি এক রানেও হারেন সঞ্জুরা তাহলে নেট রান রেটে কেকেআরকে পিছনে ফেলতে নাইটদের বিরুদ্ধে রাজস্থানকে জিততে হবে অন্তত ৭৫ রানে।

মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৪৫৩। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ম্যাচ বাকি গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের। মুম্বই ইন্ডিয়ান্সকেও শেষ দুটি ম্যাচেই জিততে হবে। রোহিত শর্মার দলের নেট রান রেট খুবই খারাপ। যদি কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে হারিয়ে ১৪ পয়েন্টে পৌঁছে যায়, তাহলে রোহিতদের শুধু দুটি ম্যাচে জিতলেই প্লে অফের টিকিট হাতে আসবে না। কার্যত অসাধ্যসাধন ঘটাতে হবে। যেমন- দুটি ম্যাচ মিলিয়ে জয়ের ব্যবধান রাখতে হবে ২০০ রানের কাছাকাছি। যা অসম্ভবই বলা চলে।

পাঞ্জাব কিংস
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গতকাল লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসকে পরাস্ত করে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ১৩ ম্যাচে পাঞ্জাব কিংসের পয়েন্ট ১০। নেট রান রেট মাইনাস (-) ০.২৪১। শেষ ম্যাচে চলতি আইপিএলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব কিংস। এই ম্যাচে জিতলে পয়েন্ট হবে ১২, নেট রান ভালো করতে হলে জিততে হবে বড় ব্যবধানে। সেই সঙ্গে পাঞ্জাবকে প্রত্যাশা থাকবে যাতে রাজস্থান রয়্যালসের কাছে কেকেআর পরাজিত হয় এবং কোনও দল যাতে ১৪ পয়েন্টে পৌঁছাতে না পারে। যদি শেষ ম্যাচে পাঞ্জাব কিংস ৭০ রানে জেতে এবং কেকেআর সেই ব্যবধানেই পরাজিত হয় একমাত্র তাহলেই নেট রান রেটের বিচারে শেষে চারে যেতে পারবে পাঞ্জাব কিংস। সেক্ষেত্রে পাঞ্জাবের নেট রান রেট হবে ০.০৩৪, কেকেআরের ০.০১১। কিন্তু এই জটিল সমীকরণ পাঞ্জাবের ক্ষীণ আশা জিইয়ে রাখলেও এটা নিয়ে সংশয় নেই যে ক্রিকেটারদের নিলামের ঠিক আগে দলের নাম বদলেও ভাগ্য পরিবর্তন হল না পাঞ্জাবের।

চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়েছে। নেট রান রেট ০.৮২৯। আজ দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছানো সিএসকে। মহেন্দ্র সিং ধোনিরা গত বছর অল্পের জন্য প্লে অফে পৌঁছাতে না পারলেও এবার সব দলের চেয়ে সেরা নেট রান রেট রয়েছে তাঁদের। দুটি ম্যাচের একটিতে জিতলে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট হবে ২০। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই একমাত্র ২০ পয়েন্টে পৌঁছাতে পারে। কিন্তু বর্তমানে বিরাট কোহলির দলের নেট রান রেট বেশ খারাপ (-০.১৫৭)। ফলে ২০ পয়েন্ট পেলেও বিরাটদের দ্বিতীয় স্থানেই থাকতে হবে। বাকি দুটি ম্যাচের একটিতে জিতলে সিএসকে আগামী রবিবার প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করে ফেলবে। শেষ দুটি ম্যাচেই যদি ধোনিরা হেরে যান তাহলেও তাঁরা আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকবেন। তবে সেক্ষত্রে আরসিবিকেও শেষ দুটি ম্যাচে হারতে হবে।

দিল্লি ক্যাপিটালস
এখনও অবধি আইপিএলের দ্বিতীয় স্থানেই রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচে পন্থদের ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট। নেট রান রেট ০.৫৫১। আজ চেন্নাই সুপার কিংস ম্যাচের পর দিল্লির শেষ ম্যাচ রয়েছে শুক্রবার বিরাটের আরসিবির বিরুদ্ধে। বিরাটদের চেয়ে নেট রান রেটে অনেক এগিয়ে দিল্লি ক্যাপিটালস। শেষ দুটি ম্যাচে যদি দিল্লি জেতে আর চেন্নাই একটিতেও হারে তাহলে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে প্লে অফে যাবে পন্থের দল। সেক্ষেত্রেও রবিবারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস কোয়ালিফায়ার খেলবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে। বিরাট আগেই জানিয়েছেন, প্রথম দুই স্থান দখলই তাঁর লক্ষ্য। বিরাটদের খেলা বাকি সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। প্রথম দুইয়ে আসতে গেলে বিরাটদের বাকি দুটি ম্যাচ জিততেই হবে। একইসঙ্গে তাঁদের এই প্রার্থনা করতে হবে যাতে চেন্নাই ও দিল্লির পয়েন্টও ২০ না হয়। তিনটি দলই যদি ২০ পয়েন্ট করে পায় তাহলে নেট রান রেটের বিচারে বিরাটদের তৃতীয় স্থানেই থাকতে হবে। যদি বাকি ম্যাচগুলি বিরাটরা ৫০ রানের ব্যবধানেও জেতেন এবং দিল্লি ক্যাপিটালস যদি চেন্নাই সুপার কিংসকে এক রানেও হারিয়ে দেয় তাহলেও নেট রান রেটে পন্থরা এগিয়ে থাকবেন বিরাটদের চেয়ে।












Click it and Unblock the Notifications